এরশাদ খুলনায় গেলেন, নেতারা পদত্যাগ করলেন

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এস এম মুশফিকুর রহমানের পক্ষে ভোট চাইলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। গতকাল মঙ্গলবার খুলনা সার্কিট হাউসে কেক কেটে প্রচারণার উদ্বোধন করেন তিনি।
এদিকে গত সোমবার রাতে অসুস্থতার কারণ দেখিয়ে দল থেকে পদত্যাগ করেছেন জাতীয় পার্টির খুলনা মহানগর শাখার সভাপতি শেখ আবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম ও যুগ্ম সম্পাদক অধ্যাপক গাউসুল আজম। একই দিন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন মহানগর জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক এম এ আল মামুন, সদস্য কাজী শরিফুল ইসলাম, সোনাডাঙ্গা থানা জাতীয় পার্টির সভাপতি সাইফুল আলমসহ অনেক নেতা-কর্মী।
পদত্যাগ করা নেতারা বলেন, গত ২৮ জানুয়ারি জাতীয় পার্টিতে যোগ দেন এস এম মুশফিকুর রহমান। পরে তাঁকে কেসিসি নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দেন দলের চেয়ারম্যান। মুশফিক মহানগর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম হত্যা মামলার অন্যতম আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে দুটি হত্যা মামলায় ফাঁসির রায় হয়েছে। ২২ বছর ধরে খুলনা ছাড়া ছিলেন তিনি। আগে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
আবুল হোসেন বলেন, এমন প্রার্থীর পক্ষে কাজ করা অসম্ভব। তা ছাড়া খুলনায় জাতীয় পার্টির ভাবমূর্তি অনেক ভালো। কিন্তু মুশফিকের মতো লোকদের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। এ কারণে মুশফিককে দলে নেওয়া হচ্ছে এমন খবর পেয়ে খুলনা জেলা ও মহানগর জাতীয় পার্টির অনেক নেতা-কর্মী ঢাকায় গিয়ে এরশাদের সঙ্গে দেখা করে আপত্তি জানান। কিন্তু নেতা-কর্মীদের আপত্তি না শুনে তিনি মুশফিককে দলে নেন এবং জাতীয় পার্টির মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এ কারণে দলের নেতা-কর্মীরা পদত্যাগ করেছেন।
এম এ আল মামুন বলেন, ‘২৬ বছর ধরে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত। কিন্তু আপত্তি সত্ত্বেও বর্তমানে বিতর্কিত ব্যক্তিদের দলে নিয়ে আসা হচ্ছে। আবার তাঁদের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণাও দেওয়া হচ্ছে। এটা খুলনার জাতীয় পার্টির রাজনীতিকে নষ্ট করে ফেলছে। যেহেতু রাজনীতি করেই দেশের উন্নয়ন করতে চাই, এ কারণে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি।’
২০১৩ সালের ১৫ জুন সর্বশেষ খুলনা সিটি করপোরেশনের নির্বাচন হয়। সে হিসেবে নির্বাচনের আরও প্রায় দেড় বছর বাকি।
তবে জাতীয় পার্টির খুলনা মহানগর শাখার জ্যেষ্ঠ সাংগঠনিক সম্পাদক শেখ মো. তোবারেক হোসেন মনে করেন সময় খুব বেশি নেই। তাই আগে থেকে প্রার্থী ঠিক করা থাকলে দলের মধ্যে শক্তি বাড়বে। তিনি বলেন, জাতীয় পার্টি বর্তমানে একটি বড় দল। এ কারণে বিভিন্ন এলাকা থেকে অনেকে জাতীয় পার্টিতে যোগদান করছেন। তাই আগেভাগেই মেয়র প্রার্থী ঠিক করে রেখেছে জাপা। তা ছাড়া দল গোছানো, ৩১টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত করা ও অন্যান্য সাংগঠনিক কাজ করার জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করে রাখা দলের জন্য অনেক সহায়ক হবে।
গতকালের অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসন থেকেই প্রার্থী দেওয়া হবে। এ কারণে প্রার্থী যাচাই-বাছাইয়ের কাজও চলছে।
অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য সুনীল শুভ রায়, জাপা চেয়ারম্যানের তথ্য উপদেষ্টা সৈয়দ দিদার বখত, জেলা সভাপতি শফিকুল ইসলাম, চেয়ারম্যানের সংখ্যালঘুবিষয়ক উপদেষ্টা সোমনাথ দে প্রমুখ উপস্থিত ছিলেন।