এরশাদকে গণতান্ত্রিক হওয়ার আহ্বান রওশনের
দলীয় কর্মকাণ্ডে চেয়ারম্যান এইচ এম এরশাদকে গণতান্ত্রিক হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির প্রেসিডিয়ামের সদস্য ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তিনি বলেছেন, দলের নেতা-কর্মীদের কথা ভেবে সিদ্ধান্ত নিতে হবে। গঠনতন্ত্র অনুযায়ী সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। কারণ, এই দল কোনো ব্যক্তিগত কোম্পানি নয়। এই দল নেতা-কর্মী ও সমর্থকদের।
সংসদের অধিবেশন শুরুর আগে আজ রোববার সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে রওশন এরশাদ এসব কথা বলেন।
দলের গঠনতন্ত্রের ৩৯ ধারা বাতিলের দাবি জানিয়ে রওশন এরশাদ বলেন, ৩৯ ধারা গণতান্ত্রিক নয়। তাই এই ধারা বাতিল কিংবা পরিবর্তন করা দরকার। যাতে দল গণতান্ত্রিক হয়। দলে যদি গণতন্ত্র না থাকে, তবে দেশে গণতন্ত্র কীভাবে প্রতিষ্ঠিত হবে। দলে গণতন্ত্র নেই বলেই বর্তমানে জাতীয় পার্টিতে শূন্যতা সৃষ্টি হয়েছে।
দলের পুরোনো নেতাদের কথা স্মরণ করে বর্তমানে যাঁরা এরশাদের অনুগত, তাঁদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন রওশন এরশাদ। তিনি বলেন, মওদুদ সাহেব, শাহ মোয়াজ্জেম, মিজানুর রহমান চৌধুরী, আনোয়ার হোসেন মঞ্জুর মতো ত্যাগী নেতা একসময় চেয়ারম্যানের পাশে ছিলেন। তাঁর পাশে এখন কারা? দলের চেয়ারম্যানকে অনুরোধ করব এককভাবে সিদ্ধান্ত না নিতে। জাতীয় পার্টির মাধ্যমে অনেকে এমপি-মন্ত্রী হয়েছেন। কিন্তু সাধারণ কর্মীরা কী পেয়েছেন? তারা শুধু পরিশ্রম করে গেছেন। তাই কর্মীদের প্রতি নেতাদের ভালোবাসা থাকতে হবে।
রওশন এরশাদ বলেন, ‘দল হিসেবে আমরা সুস্পষ্ট রাজনৈতিক পরিকল্পনা তৈরি করতে সক্ষম হইনি। জাতীয় পার্টি তার আগের গৌরব হারিয়েছে, হারিয়েছে সম্মান ও ঐতিহ্য। আজ আমি এই বয়সে পৌঁছেছি। আমার কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই। আমি জাতীয় পার্টিতে কোনো সমন্বয়হীনতা দেখতে চাই না। একটাই চাওয়া, পুরোনোদের জাতীয় পার্টিতে ফিরিয়ে আনা। জাতীয় পার্টি থেকে যেসব নেতা চলে গেছেন বা নিষ্ক্রিয় হয়ে বসে আছেন, তাঁরা আসুন। আমরা অধীর আগ্রহে আপনাদের জন্য অপেক্ষা করছি।’
দলের মধ্যে সমন্বয়হীনতা আছে উল্লেখ করে রওশন এরশাদ বলেন, একক ও ভুল সিদ্ধান্তের কারণে জাতীয় পার্টিকে এ ধরনের জটিল পরিস্থিতিতে পড়তে হয়েছে। উপজেলা, পৌরসভা ও ইউপি নির্বাচনে দল ভালো করতে পারেনি। তৃণমূলের সঙ্গে এবং প্রেসিডিয়ামে আলোচনা করে সিদ্ধান্ত নিলে এসব নির্বাচনে আরও ভালো ফল পাওয়া যেত।
আগামী ১৪ মে জাতীয় পার্টির কাউন্সিল হওয়ার কথা রয়েছে। রওশন এরশাদ এ সময় কাউন্সিলের তারিখ পরিবর্তনের দাবি জানান।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘প্রথম যে সংসদীয় দলের বৈঠক হয়, সেখানে তাঁকে (এরশাদ) বলা হয়েছে, গঠনতন্ত্র মোতাবেক সিদ্ধান্ত নিতে। বিভিন্ন সময়ে তাঁকে গঠনতন্ত্র পরিবর্তন করতে বলা হয়েছে। কারণ, দলের মধ্যে গণতন্ত্র না থাকলে দেশের গণতন্ত্রের কথা মুখে সাজে না। জনসমক্ষে প্রেস কনফারেন্স করে বলছি। চেয়ারম্যান, কো-চেয়ারম্যান ও মহাসচিব যদি পরিবর্তন না হয়, তাহলে সম্মেলনের দরকার নেই। চেয়ারম্যানের পদ নিয়ে কোনো বিরোধ নেই। তবে তারঁ কিছু সিদ্ধান্ত গঠনতন্ত্র মোতাবেক হয়নি, সেগুলো নিয়ে প্রশ্ন উঠেছে। সময়সীমা বেঁধে কাজ করছি না। তাঁকে আহ্বান জানাচ্ছি। পরিণতি দেখেই আমরা পদক্ষেপ নেব। আমরা বিশ্বাস করি, আমরা যেমন ফিল করি, তেমন উনিও ফিল করবেন। পজিটিভ রেসপন্স আশা করছি।’