এরশাদকে গণতান্ত্রিক হতে বললেন রওশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির কর্মকাণ্ডে চেয়ারম্যান এইচ এম এরশাদকে গণতান্ত্রিক হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তিনি বলেছেন, দলের নেতা-কর্মীদের কথা ভেবে সিদ্ধান্ত নিতে হবে। গঠনতন্ত্র অনুযায়ী সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। কারণ এই দল কোনো ব্যক্তিগত কোম্পানি নয়। এই দল নেতা-কর্মী ও সমর্থকদের।
সংসদের অধিবেশন শুরুর আগে গতকাল রোববার সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে রওশন এরশাদ এসব কথা বলেন।
আগামী ১৪ মে জাতীয় পার্টির কাউন্সিল হওয়ার কথা রয়েছে। রওশন এরশাদ এ সময় কাউন্সিলের তারিখ পরিবর্তনের দাবি জানান। সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদপন্থী নেতাদের কেউ উপস্থিত ছিলেন না।
দলের পুরোনো নেতাদের কথা স্মরণ করে বর্তমানে যাঁরা এরশাদের অনুগত, তাঁদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন রওশন এরশাদ। তিনি বলেন, ‘মওদুদ সাহেব, শাহ মোয়াজ্জেম, মিজানুর রহমান চৌধুরী, আনোয়ার হোসেন মঞ্জুর মতো ত্যাগী নেতা একসময় চেয়ারম্যানের পাশে ছিলেন। তাঁর পাশে এখন কারা?’
রওশন এরশাদ বলেন, ‘দলের চেয়ারম্যানকে অনুরোধ করব, এককভাবে সিদ্ধান্ত না নিতে।’