এরশাদকে বেইমান বললেন ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে নতুন মুক্তিযোদ্ধার জন্ম হয়েছে, তিনি এরশাদ। তাঁকে নিয়ে কথা বলতে ইচ্ছা হয় না। মনে হয় তাতে তাঁকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তিনি এরশাদকে বেইমান বলেও আখ্যায়িত করেন।
জিয়াউর রহমানের সমালোচনার জবাবে গতকাল বৃহস্পতিবার দুপুরে এক আলোচনা সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে নিয়ে এমন মন্তব্য করেন মির্জা ফখরুল। ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে স্বেচ্ছাসেবক দল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ওই আলোচনার আয়োজন করে।
গত বুধবার এক অনুষ্ঠানে এইচ এম এরশাদ বলেছিলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা হলেও ক্ষমতায় গিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ করেছেন।
এরশাদের এ বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এরশাদের মুখে জিয়াউর রহমানের সমালোচনা শোভা পায় না। জিয়াউর রহমানের বদান্যতায় এরশাদ সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ও সেনাপ্রধান হয়েছিলেন। এরশাদকে বেইমান আখ্যা দিয়ে ফখরুল বলেন, জিয়াউর রহমানের মৃত্যুতে এরশাদের ভূমিকা কী ছিল, তা নিয়েও প্রশ্ন আছে।
এরশাদকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, ‘দয়া করে বিরত থাকবেন। অযথা নিজেকে আর ছোট করবেন না।’
ছাত্রলীগের নেতা-কর্মীদের চাকরি নিয়ে সরকারের উপদেষ্টা এইচ টি ইমামের বক্তব্য উদ্ধৃত করে মির্জা ফখরুল বলেন, সংবিধান অনুযায়ী চাকরি ক্ষেত্রে কোনো বৈষম্য হবে না। অথচ এখন ছাত্রলীগ দেখে চাকরি দেওয়া হচ্ছে। এটি সংবিধানের লঙ্ঘন। সুপারিশ না থাকলে, ছাত্রলীগ না করলে বিসিএসসহ সরকারি কোনো চাকরি পাওয়া যায় না। চাকরি হলে যাচাই-বাছাই করা হয়, প্রার্থীর গোষ্ঠীতে কেউ বিএনপি বা বিরোধী রাজনীতি করে কি না, করলে চাকরি হবে না।
স্বাধীনতার চেতনা থেকেই ৭ নভেম্বর সৃষ্টি হয়েছিল দাবি করে মির্জা ফখরুল বলেন, ৭ নভেম্বরের সঙ্গে আওয়ামী লীগের বৈরী সম্পর্ক। কারণ, ৭ নভেম্বর থাকলে আওয়ামী লীগ থাকে না। ফখরুল দাবি করেন, আওয়ামী লীগ স্বাধীনতার চেতনা, গণতন্ত্রের কথা মুখে বলে। কিন্তু বিশ্বাস করে না। তারা এসবের বিরোধী।
স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরাফত আলী, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী প্রমুখ বক্তব্য দেন।