এরশাদের আপিল শুনানি পেছাল
দুর্নীতির মামলায় তিন বছরের সাজার রায়ের বিরুদ্ধে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের করা আপিলের ওপর শুনানি পিছিয়েছে। এরশাদের পক্ষে আইনজীবীর করা সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি মো. রুহুল কুদ্দুসের নেতৃত্বাধীন একক বেঞ্চ ৩০ নভেম্বর শুনানির দিন ধার্য করেছেন।
১ নভেম্বর হাইকোর্ট আপিল শুনানির দিন আজ ধার্য করেছিলেন। আদালতে এরশাদের পক্ষে ছিলেন আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম। তিনি চার সপ্তাহ সময়ের আবেদন জানান। এর বিরোধিতা করেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। পরে আদালত ৩০ নভেম্বর তারিখ ধার্য করেন।
এরশাদের পক্ষের আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, আপিলকারী (এরশাদ) শারীরিকভাবে অসুস্থ। তাঁর সঙ্গে আলোচনার প্রয়োজন আছে। এ কারণে ব্যক্তিগত অসুবিধা ও মানবিক কারণে চার সপ্তাহ সময় চাওয়া হলে আদালত দুই সপ্তাহ সময় দিয়েছেন।
আদালত সূত্রে জানা গিয়েছিল, ১৯৯১ সালের ৮ জানুয়ারি তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর এক উপপরিচালক ক্যান্টনমেন্ট থানায় দুর্নীতির মামলাটি করেন। ১৯৮৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত এরশাদ রাষ্ট্রপতি থাকাকালে পাওয়া বিভিন্ন উপহার রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেওয়ার অভিযোগে মামলাটি করা হয়।
ওই মামলায় ১৯৯২ সালের ৩ ফেব্রুয়ারি এরশাদের তিন বছরের সাজা হয়েছিল। ওই বছরই তিনি হাইকোর্টে আপিল করেন। হাইকোর্ট আপিল শুনানির জন্য গ্রহণ করে নিম্ন আদালতের রায়ের কার্যকারিতা স্থগিত করেন। ২০১২ সালে দুদক এতে পক্ষভুক্ত হয়।
আরও পড়ুন
দুই যুগ পর এরশাদের আপিল শুনানি ১৫ নভেম্বর
http://www. prothom-alo. com/bangladesh/article/ 1012131 /