এরশাদের উপস্থিতিতে প্রকৌশলীকে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের উপস্থিতিতে দলের কিছু কর্মী একজন প্রকৌশলীকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার রাত ১০টার দিকে শহরের দর্শনা মোড়ে অবস্থিত এরশাদের পল্লি নিবাসে এ হামলার ঘটনা ঘটে বলে ভুক্তভোগী, পুলিশ ও দলের একাধিক সূত্র জানায়।
মারধরের শিকার ব্যক্তির নাম ফজলার রহমান। তিনি জেলা পরিষদের প্রকৌশলী। তাঁর স্ত্রী কল্পনা আক্তার গত উপজেলা পরিষদ নির্বাচনে এরশাদের মনোনীত প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান।
ফজলার রহমান বলেন, ‘চেয়ারম্যান (এরশাদ) স্যারের সঙ্গে দেখা করতে তাঁর বাসায় গিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে আমার ওপর কিছু কর্মী চড়াও হন। তাঁরা আমাকে কিল-ঘুষি মারেন। পরে বিষয়টি স্যারকে জানিয়েছি।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে জাপার মহানগর কমিটির সদস্যসচিব এস এম ইয়াসির প্রথম আলোকে বলেন, পূর্ব শক্রতার জের ধরে দলীয় চেয়ারম্যানের বাসায় বিচ্ছিন্ন ঘটনাটি ঘটেছে।
মাস দুয়েক আগে জাপা নেতা হবিবর রহমানের মোমিনপুরের বাসায় দলের একটি পক্ষ হামলা চালায়। হামলায় আহত হন হবিব। এ ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি ফজলার।
প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ গত বুধবার তিন দিনের সফরে রংপুরে আসেন। আজ শনিবার সকালে বিমান করে ঢাকায় ফিরে যান তিনি।