এরশাদের উপস্থিতিতে মঞ্চে হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী মহানগর জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় দলটির যুগ্ম মহাসচিব ও নগরনেতা শাহাবুদ্দিন বাচ্চু মঞ্চ থেকে এক নেতাকে টেনেহিঁচড়ে নামিয়ে আনেন এবং লাথি, কিল ও ঘুষি মারেন l প্রথম আলো
রাজশাহী মহানগর জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় দলটির যুগ্ম মহাসচিব ও নগরনেতা শাহাবুদ্দিন বাচ্চু মঞ্চ থেকে এক নেতাকে টেনেহিঁচড়ে নামিয়ে আনেন এবং লাথি, কিল ও ঘুষি মারেন l প্রথম আলো

রাজশাহীতে জাতীয় পার্টির সমাবেশে দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উপস্থিতিতেই মঞ্চে হাতাহাতি হয়েছে। গতকাল সোমবার অনুষ্ঠিত এই সমাবেশে দলের স্থানীয় এক নেতার বক্তব্যকে কেন্দ্র করে হট্টগোল বাধে।
জাতীয় পার্টির রাজশাহী মহানগরের দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে নগরের সাবেক বর্ণালীর হল মাঠে গতকাল সমাবেশের আয়োজন করা হয়। দুপুর সাড়ে ১২টায় সম্মেলন শুরু হয়।  হুসেইন মুহম্মদ এরশাদ একটায় মঞ্চে আসেন। রাজশাহী নগরের চার থানার সভাপতির বক্তব্যের পর বেলা দেড়টার দিকে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শাহাবুদ্দিন বক্তব্য দিতে ওঠেন। বক্তব্যে তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গ তুলতেই মঞ্চে বসে থাকা নেতারা উত্তেজিত হয়ে ওঠেন। জাতীয় পার্টির রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চু তাঁকে পেছন থেকে টেনে ধরেন। সঙ্গে সঙ্গে মঞ্চের ওপরই শুরু হয় ধাক্কাধাক্কি ও হাতাহাতি। একপর্যায়ে বক্তা শাহাবুদ্দিনকে মঞ্চ থেকে ঠেলে নিচে নামিয়ে দেওয়া হয়। এই ধাক্কাধাক্কি চলার সময় কয়েকজন আলোকচিত্রী মঞ্চ থেকে পড়ে যান। প্রায় সাত মিনিট ধরে মঞ্চের ওপরে এই হট্টগোল চলে। পরিস্থিতি শান্ত করতে পুলিশও মঞ্চে উঠে যায়। তারা মঞ্চ থেকে স্থানীয় নেতাদের নামিয়ে দেন।

পরে হামলার শিকার শাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ব্যক্তিগত আক্রোশ থেকে শাহাবুদ্দিন বাচ্চু আমার ওপর হামলা করেছে। আমি বলতে চেয়েছিলাম, জাতীয় পার্টি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিপক্ষে।’

তবে শাহাবুদ্দিন বাচ্চু বলেন, জ্যেষ্ঠ নেতাদের বক্তব্যের পর শাহাবুদ্দিনের মতো অপেক্ষাকৃত কনিষ্ঠ নেতাকে বক্তব্য দিতে দেওয়া হলে দলে সমস্যা হবে। তাই শাহাবুদ্দিনকে নামিয়ে দিয়েছি। কোনো আক্রোশ থেকে নয়।’

পরিস্থিতি কিছুটা শান্ত হলে এরশাদ বক্তব্য শুরু করেন। তিনি বলেন, ‘আগামী নির্বাচনে আমি জয়ী হলে দেশে শান্তি ফিরিয়ে আনব। আমি যাওয়ার পর কী উন্নয়ন হয়েছে? মানুষ দুই নেত্রীকেই চায় না। জাতীয় পার্টিকে চায়।’

 এরশাদ উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘তোমরা আমার সন্তান। আমার পতাকাতলে এসো।’