বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এরশাদের আমলের চেয়ে দেশ এখন আরও ভয়াবহ স্বৈরাচারের জাঁতাকলে। নেতা-কর্মীদের গৎবাঁধা স্লোগান না দিয়ে নব্বইয়ের আদলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নতুন নতুন স্লোগান তৈরি করার আহ্বান জানান তিনি।
গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ আহ্বান জানান। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরশাসক এরশাদের পতন হয়েছিল। দিনটির স্মরণে ‘গণতন্ত্র মুক্তি দিবস’ উপলক্ষে বিএনপি এই আলোচনার আয়োজন করে। সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘হাসিনার বিরুদ্ধে স্লোগান উঠতে হবে। আওয়াজ তুলুন, নব্য স্বৈরাচার হাসিনা নিপাত যাক। উত্তর-দক্ষিণ স্লোগান না দিয়ে এ ধরনের স্লোগান দিতে হবে।’ তিনি বলেন, এক দিনে স্বৈরশাসক এরশাদের পতন হয়নি। দীর্ঘ নয় বছর সংগ্রাম করে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এরশাদের পতন হয়েছে।
মির্জা ফখরুল বলেন, স্বৈরাচার এরশাদকে বাঁচিয়ে রাখতে আওয়ামী লীগ সভানেত্রী বেইমানি করে নির্বাচনে গিয়েছিলেন। তাঁর সে ঋণ শোধ করতে এরশাদ ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নিয়েছেন।
যুক্তরাষ্ট্রে আটক করার সময় পুলিশের হাতে এক কৃষ্ণাঙ্গ নাগরিকের মৃত্যুর পর বিক্ষোভের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এ দেশে হাজার হাজার মানুষের মৃত্যু হয়, শত শত মায়ের কান্না শোনা যায়, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখা যায় না। তিনি দলের নেতা-কর্মীদের প্রতিদিন সাধারণ মানুষের ঘরে গিয়ে দেশের অবস্থা তুলে ধরার পরামর্শ দেন। তিনি দাবি করেন, সরকারের পায়ের নিচে মাটি নেই। এ কারণে তারা কথায় কথায় ষড়যন্ত্র দেখে। দুঃস্বপ্ন দেখে, ষড়যন্ত্র হচ্ছে।
সভায় অন্যদের মধ্যে আমান উল্লাহ, নাজিম উদ্দিন আলম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, হাবিব-উন-নবী খান প্রমুখ বক্তব্য দেন।