এরশাদের বনানীর কার্যালয়ে মারামারি নেতাকর্মীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) কুমিল্লা দক্ষিণ জেলা কমিটি নিয়ে গতকাল শনিবার দুপুরে দলীয় চেয়ারম্যান এইচ এম এরশাদের বনানীর কার্যালয়ে নেতা-কর্মীদের মধ্যে মারামারি হয়েছে। এতে জাপার সভাপতিমণ্ডলীর একজন সদস্য, জাতীয় ছাত্রসমাজের দুজন নেতা লাঞ্ছিত হয়েছেন বলে জানা গেছে।
সংঘর্ষের সময় এরশাদ কার্যালয়ে ছিলেন না। তবে জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু কার্যালয়ে ছিলেন। এ ঘটনায় কুমিল্লা দক্ষিণ জেলা জাপার সাবেক সভাপতি ও দলের ভাইস চেয়ারম্যান এইচ এন শফিকুর রহমানকে অব্যাহতি দিয়েছেন এরশাদ। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জাপার সূত্র জানায়, কুমিল্লা দক্ষিণের কমিটি গঠন নিয়ে দলীয় সাংসদ ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নুরুল ইসলামের (মিলন) সঙ্গে সাবেক সভাপতি শফিকুর রহমানের বিরোধ চলছিল। এর মীমাংসায় গতকাল বনানীর কার্যালয়ে বৈঠক ডেকেছিলেন মহাসচিব। সেখানেই দুই পক্ষ হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সদ্য ভেঙে দেওয়া ঢাকা মহানগর উত্তর ছাত্রসমাজের কয়েকজন নেতা সংঘর্ষে শফিকুর রহমানের পক্ষে অংশ নেন। তাঁরা ছাত্রসমাজের সভাপতি সৈয়দ ইফতেকার আহসান ও মিজানুর রহমানের ওপর চড়াও হন।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রসমাজের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘জাতীয় পার্টির কুমিল্লা দক্ষিণের কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা বৈঠক ছিল। সেখানে ছাত্রসমাজের ভেঙে দেওয়া কমিটির কয়েকজন উচ্ছৃঙ্খল আচরণ করে। তাদের সঙ্গে হাতাহাতি হয়েছে। তবে লাঞ্ছিত হওয়ার মতো কিছু হয়নি।’