এরশাদের মন বুঝে নেতাদের কথা বলার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের নেতাদের সতর্ক করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, সংসদ নির্বাচনে তিনিই দলের প্রার্থীদের মনোনয়ন দেবেন। তাই তিনি কী চান, নেতাদের সেটি বুঝেই কথা বলতে হবে।

আজ রোববার দুপুরে জাপার যুব সংগঠন জাতীয় যুব সংহতির সম্মেলনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এরশাদ এসব কথা বলেন।
জাপা নতুন একটি জোট গঠন করার উদ্যোগ নিয়েছে। এটি নিয়ে সম্প্রতি দলের প্রেসিডিয়ামের বৈঠকে একজন কিছুটা আপত্তির সুরে কথা বলেন। দলের নেতাদের কেউ কেউ বাইরে ছোট দল নিয়ে জোট করার উদ্যোগের সমালোচনা করছেন। তাঁদের সতর্ক করে এরশাদ এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ বলেন, জাপা জোট করার চেষ্টা করছে। কয়েকটি ইসলামি দলসহ ৩০-৪০টি দল জাপার সঙ্গে যোগাযোগ করেছে। তারা চাইছে প্ল্যাটফর্ম। ৪ এপ্রিল এটি নিয়ে বৈঠক হবে।

জাপার সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বক্তব্য শুরু করলে এরশাদের মামলা প্রত্যাহারের দাবিতে নেতা-কর্মীরা স্লোগান শুরু করেন। তাঁদের থামিয়ে রওশন বলেন, এটি একটি বিচারাধীন বিষয়। এটি নিয়ে সমাবেশে তিনি কিছু বলতে পারবেন না। তিনি এটি নিয়ে কথা বলার জন্য নেতা-কর্মীদের তাঁর বাসায় যাওয়ার পরামর্শ দেন।

সম্মেলনে যুব সংহতির সভাপতি আলমগীর শিকদার ও সাধারণ সম্পাদক ফকরুল আহসানকে আবারও সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

অন্যদের মধ্যে জাপার কো চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার প্রমুখ বক্তব্য দেন।