এরশাদের সভা বর্জনের সিদ্ধান্ত সংসদীয় দলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) তৃণমূল নেতাদের সঙ্গে আজ সোমবার এরশাদের মতবিনিময় সভা সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দলটির ভেতরের পরিবেশ। জাপার সংসদীয় দল সিদ্ধান্ত নিয়েছে, রওশন এরশাদকে জাপার এক নম্বর কো-চেয়ারম্যান করা না হলে তাঁরা আজকের মতবিনিময় সভা বর্জন করবেন।
গতকাল রোববার রাতে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। তাতে বলা হয়, গতকাল রওশন এরশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জাপার কো-চেয়ারম্যান জি এম কাদের প্রথম আলোকে বলেন, ‘এটা রওশন এরশাদ করেছেন কি না, তা নিয়ে আমার সংশয় আছে। তা ছাড়া সংসদীয় দল এটা করতে পারে না। তারা কেবল সংসদের বিষয়গুলো দেখবে, অন্য বিষয় নয়।’ তিনি আরও বলেন, এমন সিদ্ধান্ত যদি হয়ে থাকে, এতে জাতীয় পার্টির কিছু যায়-আসে না। দল দলের মতোই চলবে। সংসদীয় দলকে রীতিনীতির মধ্যে চলা উচিত।
গতকাল সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত চলা সংসদীয় দলের এ সভায় দলের ২৭ জন সাংসদ উপস্থিত ছিলেন। তবে দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার উপস্থিত ছিলেন না।
সভার সিদ্ধান্তের বিষয়ে সংসদে বিরোধীদলীয় নেতা রওশনের রাজনৈতিক সচিব ফখরুল ইমাম গত রাতে প্রথম আলোকে বলেছেন, রওশন এরশাদকে দলের কো-চেয়ারম্যান করা না হলে আজকের মতবিনিময় সভাসহ ভবিষ্যতে জাপার কোনো রাজনৈতিক কর্মসূচিতে সংসদীয় দল অংশ নেবে না।
সভাসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এরশাদ আজ ঢাকায় দলের মহানগর, জেলা, উপজেলা, থানা ও পৌরসভা কমিটিগুলোর সভাপতি-সাধারণ সম্পাদক, আহ্বায়ক-সদস্যসচিবদের যে মতবিনিময় সভা ডেকেছেন, তা নিয়ে সংসদীয় দলের বৈঠকে আলোচনা হয়। এরশাদের মতবিনিময় সভায় যোগদানের বিষয়ে রওশন শুরুতে ইতিবাচক মনোভাব দেখান। তিনি বলেন, এরশাদ দলের চেয়ারম্যান। দল ভেঙে গেলে কারও অস্তিত্ব থাকবে না। তবে সাংসদদের তীব্র বিরোধিতার মুখে রওশন আজকের মতবিনিময় সভায় না যাওয়ার সিদ্ধান্তে সম্মত হন।
কার্যকর বিরোধী দলের ভূমিকা রাখতে চায়: জাপার কো-চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, জাতীয় পার্টি সংসদে ও সংসদের বাইরে কার্যকর বিরোধী দলের ভূমিকা রাখতে চায়।
গতকাল দলের বনানী কার্যালয়ে সিলেটের জৈন্তাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসমাইল আলীর জাপায় যোগদান অনুষ্ঠানে জি এম কাদের এ কথা বলেন।