এরশাদের সিদ্ধান্ত প্রত্যাখ্যান জাপার সংসদীয় দলের
মহাসচিব নিয়োগ নিয়ে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে জাতীয় পার্টির (জাপা) সংসদীয় দল। আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদে বিরোধী দলের সভাকক্ষে সংসদীয় দলের বৈঠকে সদস্যরা এরশাদের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন।
বৈঠকে দলের জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম সাংবাদিকদের কাছে এ কথা বলেন। তিনি দাবি করেন, তাদের এই অবস্থানের সঙ্গে বৈঠকে উপস্থিত এইচ এম এরশাদও নীতিগতভাবে একমত পোষণ করেছেন। দলের চেয়ারম্যান বলেছেন, জাপা ও সংসদীয় দল আলোচনা করে মহাসচিব বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেবে।
সংসদীয় দলের বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ; যাকে গতকাল সোমবার রাতে এইচ এম এরশাদের অনুপস্থিতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। যদিও এরশাদ বলেছেন, তিনি ছাড়া অন্য কেউ সভাপতিমণ্ডলীর বৈঠক ডাকতে পারেন না। তাই রওশন এরশাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়া সম্পূর্ণ অবৈধ।
আজ দুপুরে এরশাদ সংবাদ সম্মেলন করে দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে বাদ দিয়ে রুহুল আমিন হাওলাদারকে নতুন মহাসচিব নিয়োগ দেন। বিকেলে সংসদীয় দলের বৈঠকে হাজির হন এরশাদ, তিনি নিজেও বর্তমান সংসদের বিরোধী দলের সদস্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত।
গত রোববার রংপুরে এরশাদ তাঁর ভাই জি এম কাদেরকে দলে কো-চেয়ারম্যান করেন। এর একদিন পর দলের অপর একটি অংশ তাঁর স্ত্রী রওশনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেন। এ নিয়েই মূলত এরশাদ ও রওশন এরশাদ পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়।
আরও পড়ুন: