এরশাদের 'গণসংবর্ধনা'আজ
পাঁচ দিনের ভারত সফর শেষে আজ রোববার দেশে ফিরছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। এ উপলক্ষে বিকেলে দলের পক্ষ থেকে হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে।
গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো জাপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের সর্বস্তরের নেতাদের বিমানবন্দরে উপস্থিত থাকতে বলা হয়েছে।
কিন্তু কেন এই ‘গণসংবর্ধনা’ বা এই সফরে দলের প্রাপ্তি কী, সে সম্পর্কে কিছুই জানেন না নেতা-কর্মীরা। যদিও যাওয়ার আগে দলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, এই সফরে এরশাদ আজমির শরিফে হজরত খাজা মঈনুদ্দীন চিশতি (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।
গণসংবর্ধনার বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদের প্রথম আলোকে বলেন, ‘যে উদ্দেশ্যে তিনি (এরশাদ) গেছেন, হয়তো সে উদ্দেশ্য সফল হয়েছে মনে করে নেতা-কর্মীরা সংবর্ধনা দিচ্ছেন।’
এরশাদের এবারের ভারত সফরে সঙ্গে গেছেন জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য মো. খালেদ আখতার এবং এরশাদের গণমাধ্যম ও রাজনৈতিক সচিব সুনীল শুভ রায়।
এর আগে গত ২৩ এপ্রিল এরশাদ পাঁচ দিনের সফরে ভারতের কোচবিহারে যান।