এরশাদের 'ঢাউস' জোট নামসর্বস্ব দল নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক স্বৈরশাসক এইচ এম এরশাদের নেতৃত্বে যাত্রা শুরু করল সম্মিলিত জাতীয় জোট (ইউএনএ)। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে এইচ এম এরশাদ ‘ঢাউস আকারের’ এই জোট গঠনের কথা জানান।

দলের সংখ্যার দিক থেকে এখন এটি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক জোট। জোটের নেতৃত্বদানকারী জাতীয় পার্টি (জাপা) জোটের মোট দলের সংখ্যা সঠিকভাবে জানাতে পারেনি। তারা বলছে, জোটে দলের সংখ্যা মোট ৫৮টি। অবশ্য প্রথম আলোর পক্ষ থেকে খোঁজ করে জোটে দলের সংখ্যা ৫৬টি বলে নিশ্চিত হওয়া গেছে।

বাংলাদেশে এখন নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের সংখ্যা ৪০। জাপার নেতৃত্বদানকারী জোটে নিবন্ধিত দলের সংখ্যা মাত্র ২। দেশের রাজনীতিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বে রয়েছ ১৪-দলীয় জোট। আর বিএনপির নেতৃত্বাধীন জোটে দল আছে ২০টি। এ দুই জোটেরও সব দলের নিবন্ধন নেই।

দুটি নিবন্ধিত দল জাপা ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এবং জাতীয় ইসলামী মহাজোট ও বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) সমন্বয়ে নতুন এই জোট করা হয়েছে। ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাছের ওয়াহেদ বলেছেন, তাঁদের জোটে দল আছে ৩৩টি। আর বিএনএর চেয়ারম্যান সেকেন্দার আলী জানিয়েছেন, তাঁদের জোটে দলের সংখ্যা ২১।

তবে সম্মিলিত জাতীয় জোটের নেতৃত্বদানকারী জাপার কাছে তথ্য রয়েছে, ই
সলামী মহাজোটে ৩৪ ও বিএনএতে ২২টি দল আছে। তাই দলের সংখ্যা নিয়ে শুরুতেই বিভ্রান্তি তৈরি হয়েছে। অবশ্য গতকালের সংবাদ সম্মেলনে এরশাদ জোটে দলের সংখ্যার কথা উল্লেখ না করে জানিয়েছেন, আরও দুটি দল তাঁদের জোটে আসছে। এদের নিবন্ধন আছে। দল দুটির সঙ্গে কথাবার্তা এগিয়েছে। যদিও তিনি দল দুটির নাম প্রকাশ করেননি।

সংবাদ সম্মলনের মূল মঞ্চে এরশাদ ছাড়াও দুই জোটের চেয়ারম্যান, ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মান্নান, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার উপস্থিত ছিলেন। মঞ্চের সামনে সবগুলো দলের প্রধানেরা ছিলেন বলে দাবি করা হলেও তাঁদের সঙ্গে সাংবাদিকদের পরিচয় করিয়ে দেওয়া হয়নি। সংবাদ সম্মেলনে জানানো হয়, এইচ এম এরশাদ হবেন জোটের চেয়ারম্যান আর শরিক দল ও জোটের মহাসচিবেরা হবেন জোটের মুখপাত্র। আর জাপার মহাসচিব হবেন প্রধান মুখপাত্র।

জোটের দলগুলোর মধ্যে আছে প্রতিবাদী জনতা পার্টি, জনতা পার্টি, আমজনতা পার্টি, জনতা ফ্রন্ট, ইসলামি মূল্যবোধ সংরক্ষণ পার্টি, খেদমতে খালক পার্টি, সচেতন হিন্দু পার্টির মতো বাহারি নামের প্যাডসর্বস্ব অনেক দল। দলগুলোর নেতারাও সেভাবে পরিচিত নন। অনেক দলের কার্যালয়ও নেই। জোটের নেতারাও সব দলের নাম বলতে পারেন না।

নতুন জোটে কয়টি দল আছে জানতে চাইলে এরশাদের রাজনৈতিক সচিব ও জাপার সভাপতিমণ্ডলীর সদস্য সুনীল শুভরায় প্রথম আলোকে বলেন, সম্মিলিত জাতীয় জোটে মোট ৫৮টি দল আছে। জাপা ও ইসলামী ফ্রন্ট ছাড়া ইসলামী মহাজোটে আছে ৩৪টি ইসলামি দল আর বিএনএতে আছে ২২টি। তবে তিনি ওই সময় দলগুলোর নাম বলতে পারেননি।

জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাছের ওয়াহেদ প্রথম আলোকে বলেন, তাঁদের এই জোটে ৩৩টি দল আছে। দলগুলোর নাম জানতে চাইলে প্রথমে তিনি বলেন, ‘এতগুলা নাম মুখস্থ কীভাবে বলব? গত মাসের ৩০ তারিখে আমরা আত্মপ্রকাশ করেছিলাম, সেদিন নামগুলো দিয়েছিলাম।’ পরে অবশ্য তিনি জোটে থাকা ৩৩টি দলের নাম জানিয়েছেন।

আর বিএনএ জোটের দলগুলোর নাম জানতে চাইলে ওই জোটের চেয়ারম্যান সেকেন্দার আলী প্রথম আলোকে বলেন, তাঁদের জোটে দল আছে ২১টি। দলগুলোর নাম জানতে চাইলে তিনি কিছু সময় চান। পরে তিনি দলগুলোর নাম জানান।

বিএনএ জোটভুক্ত একটি দলের নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, বিএনএ জোটে ২১টি দল থাকার কথা বলা হয়, কিন্তু জোটের বৈঠকে ৮-৯টি, সর্বোচ্চ ১২টি দল অংশ নেয়।

নতুন এই জোট সম্পর্কে জানতে চাইলে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আগামী নির্বাচনে এরশাদ শেখ হাসিনার সঙ্গেই থাকবেন। এ ছাড়া তাঁর কোনো উপায় নেই। এরশাদ যে স্বাধীন দল বা জোট হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেবেন, এটা তাঁর উদ্দেশ্য বলে মনে হয় না। এই জোটে নাম ও সংখ্যা ছাড়া আর কিছুই নেই। এই নাম আর সংখ্যা আগামী নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে দর-কষাকষিতে হয়তো কাজে দেবে।’

নামসর্বস্ব ৫৪ দল

জোটের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, বিএনএ ও ইসলামী মহাজোটভুক্ত ৫৬টি দলের বেশির ভাগেরই দলীয় কার্যালয় নেই। দলগুলো নামসর্বস্ব।

জানতে চাইলে গণ-অধিকার পার্টির সভাপতি হোসেন মোল্লা প্রথম আলোকে বলেন, বিএনএ জোটভুক্ত দলগুলোর মধ্যে শুধু লেবার পার্টি আর গণ-অধিকার পার্টিরই দলীয় কার্যালয় আছে। এমনিতে অনেকে দেখালে কারও বাড়ি বা বাসা কার্যালয় হিসেবে দেখাতে পারেন। কিন্তু কারও কার্যালয় নেই।

এরশাদের জোটভুক্ত ৫৬টি দলের একটির নাম আমজনতা পার্টি। দলটির চেয়ারম্যান বেনজির আহমদ। তিনি প্রথম আলোকে বলেন, ১৯৬৭ সালে তিনি মওলানা ভাসানীর দলে যোগ দিয়েছিলেন। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের দুই মাস পর তাঁদের দল গঠিত হয়। তিনি ও তাঁর দলের মহাসচিব গাজীপুরে বসেন। দলের প্রধান কার্যালয় রাজধানীর বনানীতে। এটি দলের একজন সাংগঠনিক সম্পাদকের কার্যালয়। উত্তরায় তাঁদের একজন কেন্দ্রীয় সদস্যের কার্যালয় আছে। সেটিও তাঁরা ব্যবহার করেন। তাঁর দাবি, তাঁদের দলের কেন্দ্রীয় কমিটি ১৫১ সদস্যের এবং ৪০টি জেলায় দলের কমিটি আছে। দেশের বিভিন্ন জায়গায় তাঁদের নেটওয়ার্ক আছে।

বিএনএ জোটের ২১টি দল হলো বাংলাদেশ লেবার পার্টি (একাংশ), গণতান্ত্রিক ন্যাশনাল আওয়ামী পার্টি, আমজনতা পার্টি, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, আওয়ামী পার্টি বাংলাদেশ, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ইসলামি ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ প্রতিবাদী জনতা পার্টি, বাংলাদেশ তফসিল ফেডারেশন, বাংলাদেশ সচেতন হিন্দু পার্টি, ইউনাইটেড মুসলিম লীগ, বাংলাদেশ গণজাগরণ পার্টি, বাংলাদেশ গ্রামীণ পার্টি, বাংলাদেশ ইসলামিক গণতান্ত্রিক লীগ, তৃণমূল লীগ, গণ-অধিকার পার্টি, বাংলাদেশ ন্যাশনাল মাইনরিটি পার্টি, বাংলাদেশ পিপলস ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ জনতা ফ্রন্ট, জাতীয় হিন্দু লীগ ও বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি।

ইসলামী মহাজোটের ৩৩টি দল হলো জাতীয় ইসলামী জোট, ওলামা মাশায়েখ সমন্বয় পরিষদ, বাংলাদেশ মানবাধিকার আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক ফেডারেশন, জমিয়তে মুসলেমিন বাংলাদেশ, বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক লীগ, শরিয়া আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জনতা পার্টি, খেলাফত সংগ্রাম পরিষদ, বাংলাদেশ ইসলামিক জনকল্যাণ পার্টি, জাতীয় শরিয়া আন্দোলন, বাংলাদেশ ইসলামী গণ-আন্দোলন, জাতীয় ইসলামী আন্দোলন, জাতীয় ইসলামিক মুভমেন্ট, ইসলামি মূল্যবোধ সংরক্ষণ পার্টি, জাতীয় গণতান্ত্রিক লীগ, ন্যাপ ভাসানী, বাংলাদেশ ইসলামী আক্বীদা সংরক্ষণ আন্দোলন, খেদমতে খালক পার্টি, বাংলাদেশ ইত্তেহাদুল মুসলেমিন, বাংলাদেশ সোশ্যাল ডেভেলপমেন্ট বই পার্টি, হেফাজতে মুসলেমিন বাংলাদেশ, খেলাফত আন্দোলন বাংলাদেশ, খেলাফত বাস্তবায়ন পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, মুসলিম জনতা পার্টি, বাংলাদেশ খেলাফাতুল উম্মাহ, বাংলাদেশ আকিমুদ্বীন মজলিশ, ইসলামী আক্বীদা সংরক্ষণ পার্টি, ইউনাইটেড ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ ইসলামি পার্টি, ইসলামী সমাজকল্যাণ আন্দোলন, লিবারেল পার্টি বাংলাদেশ।

মহাজোটে নেই

গতকালের সংবাদ সম্মেলনে এরশাদ বলেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটে নেই। ওই জোটে যাবে কি না, সে ব্যাপারে নতুন জোট পরে সিদ্ধান্ত নেবে।

জোট প্রসঙ্গে এরশাদ বলেন, ‘রাজনৈতিক নীতি ও আদর্শের দিক থেকে আমরা সবাই স্বাধীনতার চেতনা, ইসলামি মূল্যবোধ তথা সব ধর্মের প্রতি সমান দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদ আদর্শের অনুসারী এবং ধারক ও বাহক। আমাদের অঙ্গীকার আছে, এই জোটে কোনো স্বাধীনতাবিরোধী শক্তির জায়গা হবে না।’

এরশাদ বলেন, জোট গঠনের জন্য তাঁরা দুইভাবে জোটের শরিক নির্বাচনের নীতি গ্রহণ করেছেন। যেসব দল নির্বাচন কমিশনে নিবন্ধিত তারা সরাসরি জোটের শরিক হিসেবে থাকবে। যেসব দল নিবন্ধনের জন্য আবেদন করেছে কিংবা নিবন্ধিত হওয়ার অপেক্ষায় আছে, তাদের সমন্বয়ে মোর্চা বা জোট গঠন করে সেই জোটকে শরিক হিসেবে বৃহত্তর জোটে অন্তর্ভুক্ত করা হয়েছে।