এরশাদ-রওশন আবার দ্বন্দ্বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা নির্বাচন নিয়ে স্ত্রী রওশনের সঙ্গে নতুন করে দ্বন্দ্বে জড়িয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। দলের সাংসদ কাজী ফিরোজ রশীদকে উপনেতা করতে স্পিকারকে চিঠি দিয়েছেন রওশন এরশাদ। এর বিরোধিতা করে গতকাল বৃহস্পতিবার বিবৃতি দিয়েছেন এরশাদ।
সংসদ সচিবালয় ও জাপার দলীয় একাধিক সূত্র জানায়, বিরোধীদলীয় নেতা ও জাপার সংসদীয় দলের প্রধান হিসেবে রওশন এরশাদ গত ২৭ জুলাই জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দিয়ে বলেন, ‘জাপার সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদকে উপনেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে।’ চিঠিতে সংসদে জাপার ভূমিকা ও কাজী ফিরোজের রাজনীতির অভিজ্ঞতার উল্লেখ করে উপনেতার পদে তাঁর যথাযথ ভূমিকা পালনে স্পিকারের সহযোগিতা কামনা করেন রওশন।
দলীয় দায়িত্বশীল একটি সূত্র জানায়, রওশনের এ চিঠির খবর জানাজানি হওয়ার পর তৎপর হন জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি গতকাল এক বিবৃতিতে বলেন, সংসদে বিরোধীদলীয় উপনেতার পদে জাতীয় পার্টি থেকে কাউকে নির্বাচন করা হয়নি। এ ব্যাপারে কোনো সিদ্ধান্তও নেওয়া হয়নি। এ-সংক্রান্ত কোনো খবরে বিভ্রান্ত হওয়ার অবকাশ নেই বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। তবে বিবৃতিতে কোনো নেতার নাম বলা হয়নি।
এরশাদের এ বিবৃতি রওশনের সঙ্গে নতুন করে দ্বন্দ্বের বহিঃপ্রকাশ কি না, গতকাল সন্ধ্যায় মুঠোফোনে এ প্রশ্ন করা হলে জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু ‘না’ সূচক জবাব দেন এবং এ বিষয়ে কথা বলার জন্য দলীয় চেয়ারম্যানের গণমাধ্যম ও রাজনৈতিক সচিব সুনীল শুভরায়কে ফোন ধরিয়ে দেন।
সুনীল শুভরায় বলেন, কাজী ফিরোজ রশীদকে উপনেতা নির্বাচন করা হয়েছে বলে খবর বের হয়েছে। এ নিয়ে দলে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তাই দলীয় প্রধান এরশাদ বিবৃতি দিয়ে বিষয়টি পরিষ্কার করেছেন।
তবে কাজী ফিরোজ রশীদ প্রথম আলোকে বলেন, ‘উপনেতা নির্বাচন করা বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সংসদীয় দলের বিষয়। এটা দলীয় কোনো পদ নয়। তাই এটা উনার (এরশাদ) এখতিয়ারের মধ্যে পড়ে না।’
কাজী ফিরোজ অভিযোগ করেন, বিরোধীদলীয় নেতা উপনেতা নির্বাচন করে স্পিকারকে চিঠি দিয়েছেন শুনে দলের একটি ব্যবসায়ী গোষ্ঠী দলের চেয়ারম্যানকে দিয়ে নানা অপচেষ্টায় নেমেছে।
এ বিষয়ে জাপার দায়িত্বশীল একাধিক নেতার সঙ্গে এ প্রতিবেদকের কথা হয়। তাঁরা জানান, ৫ জানুয়ারির নির্বাচনের পর রওশন এরশাদ বিরোধীদলীয় নেতা হওয়ার পর সম্ভাব্য উপনেতা হিসেবে জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু, কাজী ফিরোজ রশীদ ও তাজুল ইসলাম চৌধুরীর নাম শোনা যায়। একপর্যায়ে তাজুল ইসলাম চৌধুরীর নাম অনেকটা চূড়ান্ত হচ্ছিল। এমতাবস্থায় এরশাদসহ দলের অন্য প্রভাবশালী নেতাদের বিরোধিতার মুখে সে প্রক্রিয়া ভন্ডুল হয়ে যায়। পরে তাজুল ইসলাম বিরোধীদলীয় চিফ হুইপ ও জিয়াউদ্দিন বাবলু জাপার মহাসচিব হন।
এর আগে ৫ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ করা-না করা নিয়ে রওশনের সঙ্গে এরশাদের দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল। এ নিয়ে দলের অভ্যন্তরীণ রাজনীতিতে রওশনের সঙ্গে পেরে ওঠেননি এরশাদ, বরং নিজ দলেই কোণঠাসা হয়ে পড়েন তিনি।
নির্বাচনের পর সংরক্ষিত মহিলা আসনে দলের ছয় নারী সাংসদ মনোনয়ন নিয়েও স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ বাধে। সর্বশেষ নারায়ণগঞ্জ-৪ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়ন নিয়েও দুজনের মধ্যে মতবিরোধ হয়। রওশন চেয়েছিলেন তাঁর রাজনৈতিক সচিব গোলাম মসীহ্কে প্রার্থী করতে। এরশাদ আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমানের ভাই সেলিম ওসমানকে মনোনয়ন দেন।
এখন সর্বশেষ কাজী ফিরোজ রশীদকে বিরোধীদলীয় উপনেতা করা নিয়ে এরশাদ-রওশন দ্বন্দ্ব নতুনভাবে জেগে উঠেছে।