বাংলাদেশের গুম-খুনের ঘটনা এখন আন্তর্জাতিক বিষয়ে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুধু গুম, খুন চালিয়ে যাচ্ছে না, এরা বিচারের আওতার বাইরে থেকে যাচ্ছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের এক আলোচনা সভায় আমীর খসরু মাহমুদ এসব কথা বলেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে গুম, খুন করছে, এটা বিশ্বব্যাপী স্বীকৃত। কাদের নির্দেশে এই গুম-খুন হচ্ছে সেটাও দেশের মানুষ জানে। বাংলাদেশের গুম-খুনের ঘটনা এখন আন্তর্জাতিক বিষয়ে পরিণত হয়েছে।
র্যাব নিষিদ্ধ করার দাবি
সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী র্যাবকে নিষিদ্ধের দাবি জানান। তিনি বলেন, ‘সরকার এই বাহিনীকে অন্ধকারের মৃত্যু পরোয়ানা নিয়ে ঘুরে বেড়ানো সংগঠনে পরিণত করেছে।’ সুইডিশ রেডিওতে র্যাবের গুপ্তহত্যার রোমহর্ষক বর্ণনা ফাঁস হয়ে যাওয়ায় এদের কর্মকাণ্ডের বীভৎস রূপ এখন শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের মানুষের বিবেককে প্রবলভাবে নাড়া দিয়েছে।