বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘এই আওয়ামী লীগ বলেন, হাসিনা বলেন, এরা ভদ্র ভাষায় কথা বলতে জানে না। এদের মুখে কোনো সুন্দর, ভদ্র ভাষা নেই।’
গতকাল মঙ্গলবার রাতে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা দল আয়োজিত এক অনুষ্ঠানে খালেদা জিয়া এসব কথা বলেন। তিনি বলেন, ‘হাসিনা ভদ্র ব্যবহারও করে না, ভদ্র ভাষায় কথা বলতেও জানে না। এমন অশ্লীল ভাষা ব্যবহার করে, এটা আমাদের জন্য লজ্জার ও অপমানের। দেশের নাগরিক হিসেবে আমরা অসম্মানিত বোধ করি।’
এর আগের দিন ঢাকায় এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির দুই শীর্ষ পদে খালেদা জিয়া ও তারেক রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া প্রসঙ্গে বলেছিলেন, ‘নির্বাচিত দুজনই আসামি। একজন এতিমের টাকা চুরি করার মামলার আসামি, আরেকজন তো ২১ আগস্ট মামলার পলাতক আসামি, তার নাম ইন্টারপোলে ওয়ান্টেড তালিকায় আছে।’ প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে রাজনৈতিক শিষ্টাচার-বহির্ভূত বলে মন্তব্য করে গতকাল বিভিন্ন অনুষ্ঠানে সমালোচনা করেছেন বিএনপির নেতারা।
মহিলা দলের অনুষ্ঠানে খালেদা জিয়া আরও বলেন, জিয়াউর রহমান নারীদের ঘর থেকে বের করে এনেছিলেন। নারীদের পুলিশে চাকরি দিয়েছেন, রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছিলেন। এমনকি খাল কাটা কর্মসূচিতেও নারীরা যোগ দিয়েছিলেন। আজকে ঘরে-বাইরে কোথাও নারীরা নিরাপদ নয়। সরকারের দ্বারা নারীরা নির্যাতিত হচ্ছে, পুলিশ দ্বারা নির্যাতিত হচ্ছে। তিনি বলেন, বিচার হয় না বলেই এরা নির্ভয়ে নোংরা কাজ করে যাচ্ছে।
পরে খালেদা জিয়াকে ফুল দিয়ে মহিলা দলের নেতা-কর্মীরা শুভেচ্ছা জানান। মহিলা দলের সভাপতি নূরে আরা সাফার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।