এলপি গ্যাসের মূল্যবৃদ্ধিতে মহানগর বিএনপির উদ্বেগ
গৃহস্থালির কাজে ব্যবহৃত এলপি গ্যাসের হঠাৎ মূল্যবৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে খুলনা মহানগর বিএনপি। গতকাল বুধবার এক বিবৃতিতে বিএনপির নেতারা এ উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে সব ধরনের জ্বালানি তেল ও তরল পেট্রোলিয়ামের কাঁচামালের দাম নিম্নমুখী। এ পরিস্থিতিতে আকস্মিকভাবে দেশের বাজারে এলপি গ্যাসের দাম অযৌক্তিক হারে বাড়ানো হয়েছে। এ কারণে চাপের মুখে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। বছরের শুরুতেই গৃহস্থালির কাজে ব্যবহৃত গ্যাসের বাড়তি দাম তাদের আর্থিকভাবে চাপের মুখে ফেলেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বাজারে এলপি গ্যাসের চাহিদা ও সরবরাহে কোনো ধরনের ঘাটতি নেই। বেসরকারি কোম্পানিগুলো বাড়তি মুনাফার লোভে সিন্ডিকেট করে এলপি গ্যাসের দাম বাড়িয়েছে।
দাম নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করা হয়েছে বিবৃতিতে।
বিবৃতিদাতারা হলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও কেসিসির মেয়র মনিরুজ্জামান প্রমুখ।