জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় রাজনীতির মাঠে নেই বিএনপি। গত উপজেলা পরিষদের নির্বাচনের দিন পর্যন্ত এই উপজেলায় সরব ছিলেন বিএনপির নেতা-কর্মীরা। কিন্তু এর পর থেকে তাঁরা কোনো কর্মসূচি পালন করতে পারেননি। হামলা-মামলার ভয়ে তাঁরা এলাকাছাড়া। এখানে দল গোছাতে ব্যস্ত আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা জানান, জাতীয় সংসদ নির্বাচনের আরও চার বছর বাকি থাকলেও এখনই দল গোছানোর দিকে নজর দিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী স্থানীয় সাংসদ মির্জা আজম। ইতিমধ্যে উপজেলার সাত ইউনিয়ন ও একটি পৌরসভার ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করার কাজ শেষ হয়ে গেছে। বর্তমানে উপজেলা ও পৌরসভা পর্যায়ে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি করার কাজও প্রায় শেষের দিকে।
গত উপজেলা পরিষদের নির্বাচনের দিন ৩১ মার্চ বিকেল থেকে রাজনীতির মাঠে বিএনপি দাঁড়াতেই পারেনি। আজ পর্যন্ত উপজেলা পর্যায়ে তারা কোনো দলীয় কর্মসূচি পালন কিংবা কোনো মিছিল ও সভা করতে পারেনি। বিএনপি নেতাদের দাবি, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগের নেতারা মাদারগঞ্জে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছেন। তাঁরা কোনো কারণ ছাড়াই বিএনপির নেতা-কর্মীদের ওপর ও বিএনপির কার্যালয়ে হামলা চালিয়েছেন। সরকার বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিচ্ছে। গ্রেপ্তার আতঙ্কে নেতা-কর্মীরা বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।
পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও মাদারগঞ্জ পৌরসভার মেয়র মোশাররফ হোসেন তালুকদার বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা মামলার ভয়ে এবং নিজেদের সুযোগ-সুবিধার জন্য আওয়ামী লীগে যোগ দিচ্ছে। তবে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়ার ঘটনা শহর এলাকাতেই বেশি। এ কারণে দলের সাংগঠনিক তৎপরতা স্থবির হয়ে পড়েছে।’
উপজেলা বিএনপির সভাপতি মো. ফায়েজুল ইসলাম জানান, সরকার ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালাচ্ছেন। তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে এলাকাছাড়া করা হয়েছে। তিনি দাবি করেন, কিছুদিনের মধ্যেই উপজেলা পর্যায়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব কমিটি করা হবে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন। তিনি পাল্টা অভিযোগ করে জানান, গত ৫ জানুয়ারি সংসদ নির্বাচনের পরে বিএনপির নেতা-কর্মীরা তাঁদের গুনারিতলা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ও নিশ্চিন্তপুর গ্রামের গুনারিতলা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছামিউলের বাড়িতে আগুন ধরিয়ে দেন। এই কারণে তাঁদের বিরুদ্ধে দু-একটি মামলা হতে পারে। তাঁদের বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা করা হয়নি। উপজেলা বিএনপির সভাপতি ফায়েজুল ইসলাম আওয়ামী লীগের কার্যালয় ও শ্রমিক লীগ নেতার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।