এসএসসির সময় অবরোধের বিষয়ে সিদ্ধান্ত ২০ দলের লিয়াজোঁ কমিটিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, হরতাল-অবরোধের বিষয়ে ২০-দলীয় জোটের লিয়াজোঁ কমিটিতে সিদ্ধান্ত হবে। কারণ, সব কর্মসূচির সিদ্ধান্ত লিয়াজোঁ কমিটি নিয়ে থাকে।
আসন্ন এসএসসি পরীক্ষার সময় অবরোধ বা হরতালের কর্মসূচি শিথিল করা হবে কি না জানতে চাইলে নজরুল ইসলাম এ কথা বলেন। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে বের হওয়ার পর সাংবাদিকেরা তাঁর কাছে ওই বিষয়ে জানতে চান।
ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গত রাতে গুলশানে তাঁর রাজনৈতিক কার্যালয়ে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, সারোয়ারী রহমান, রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান।
৩ জানুয়ারি থেকে গুলশান কার্যালয়ে আছেন খালেদা জিয়া। ২৪ জানুয়ারি কোকোর মৃত্যুর পর দলের কোনো নেতাই কার্যত তাঁর দেখা পাচ্ছিলেন না।
কার্যালয় থেকে বের হওয়ার পর রফিকুল ইসলাম মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা বস্তুত দলের চেয়ারপারসনকে সমবেদনা জানাতে গিয়েছিলাম। রাজনৈতিক কোনো বিষয়ে আলোচনা হয়নি। আরাফাত রহমানের মৃত্যুতে তিনি এতটাই শোকাহত যে, অন্য বিষয়ে কথা বলার মতো অবস্থা ছিল না।’
২৪ জানুয়ারি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান। মঙ্গলবার রাজধানীর বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
স্থায়ী কমিটির সদস্যরা জানিয়েছেন, আরাফাত রহমানের কুলখানির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।