এ্যানি-টুকুর গাড়িতে হামলা পদবঞ্চিতদের
বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও সহ-ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে বহনকারী গাড়িতে হামলা চালিয়েছেন ছাত্রদলের পদবঞ্চিত অংশের নেতা-কর্মীরা।
গতকাল শুক্রবার সকালে রাজধানীর বিজয় সরণিতে এ হামলার ঘটনা ঘটে। শহীদ উদ্দীন ও সুলতান সালাউদ্দিন দুজনেই একই গাড়িতে ছিলেন। তাঁরা খালেদা জিয়ার গাড়িবহরের সঙ্গে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ উদ্দীন-সুলতান সালাউদ্দিনের গাড়িটি খালেদা জিয়ার গাড়িবহরের পেছনের দিকে ছিল। বিজয় সরণির নভোথিয়েটার ও সামরিক জাদুঘরের মাঝামাঝি স্থানে তাঁদের দেখে ছাত্রদলের পদবঞ্চিত অংশের নেতা-কর্মীরা স্লোগান দিতে দিতে গাড়িতে হামলা চালান। এতে গাড়ির কাচ ভেঙে যায়। শহীদ উদ্দীন ও সুলতান সালাউদ্দিনের কোনো ক্ষতি হয়নি। পরে পদবঞ্চিত কয়েকজন নেতার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এ বিষয়ে জানতে চাইলে শহীদ উদ্দীন চৌধুরী প্রথম আলোকে বলেন, যাঁরা আক্রমণ চালিয়েছেন, তাঁরা দলীয় শৃঙ্খলাবিরোধী কাজ করেছেন। দলের পক্ষ থেকে পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।