এ্যানির বাড়িতে হামলা, অস্বীকার ছাত্রলীগের

লক্ষ্মীপুরে নিজের বাসভবনে ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এ সময় হামলাকারীরা ১০টি মোটরসাইকেল, বাড়ির দরজা-জানালাসহ বেশ কয়েকটি চেয়ার ভাঙচুর করে। ছাত্রলীগ হামলার অভিযোগ অস্বীকার করে বলেছে, বিএনপির অন্তর্কোন্দলের কারণে হামলা হয়েছে।
বুধবার বিকেলে শহরের গোডাউন রোড বশির ভিলায় হামলার সময় শহীদ উদ্দিন চৌধুরী বাসায় ছিলেন না।
বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, শহীদ উদ্দিন চৌধুরীর লক্ষ্মীপুরের বাসভবনে পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের মতবিনিময় সভায় হামলা চালানো হয়েছে। এ সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী রামদা, রড ও লাঠি নিয়ে হামলা চালান। এতে বাসভবনের সামনে থাকা ১০টি মোটরসাইকেল, দরজা-জানালাসহ, বেশ কয়েকটি প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করা হয়েছে। তবে এতে কেউ আহত হননি।
শহীদ উদ্দিন চৌধুরী মোবাইলে প্রথম আলোকে বলেন, ‘জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিশানের নেতৃত্বে হামলা হয়েছে। তারা ভাড়াটের বাসায় ঢুকে হামলা করেছে। বাসার সামনে থাকা নেতা-কর্মীদের ১০টি মোটরসাইকেল ভাঙচুর করে। তছনছ করেছে চেয়ার-টেবিল।’
অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান প্রথম আলোকে বলেন, ‘বিএনপির অন্তর্কোন্দলের কারণে নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনা শুনেছি। তবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ছাত্রলীগ এ হামলার সাথে জড়িত বলে অভিযোগ করছে বিএনপি।’
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। পরিস্থিতি শান্ত রয়েছে।