২০০৪ সালের পর রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়নি। সম্প্রতি দলের দিকে নজর দিয়েছেন নেতারা। বিভিন্ন পর্যায়ে কমিটি গঠন করা হচ্ছে। এ প্রক্রিয়ায় ত্যাগী নেতারা দলে কোণঠাসা হয়ে পড়ছেন বলে অভিযোগও উঠেছে।
২০০৪ সালের ২২ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সর্বশেষ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জিল্লুল হাকিমকে সভাপতি ও কাজী কেরামত আলীকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। তাঁরা যথাক্রমে রাজবাড়ী-২ ও রাজবাড়ী-১ আসনের সাংসদ।
শহরের রেলগেট এলাকায় দ্বিতল ভবনে জেলা আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়। ভবনের সামনে একটি স্থায়ী মঞ্চ ও পাকা চত্বর রয়েছে। দলীয় সভা ও বিভিন্ন দিবসের কর্মসূচি কার্যালয়ের সামনে পালন করা হয়।
তবে একাধিক নেতা-কর্মী প্রথম আলোকে বলেন, কার্যালয়ে দলের গুরুত্বপূর্ণ কোনো নেতা বসেন না। সভাপতির বাড়ি পাংশা উপজেলায় হওয়ায় তিনি তাঁর বাড়িতেই নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাধারণ সম্পাদকও জেলা অফিসে আসেন না। তবে সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতেই জেলা কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিন ধরে দলের সহযোগী ও অঙ্গসংগঠনগুলোরও সম্মেলন হচ্ছে না। তাদের দৃশ্যমান কোনো কর্মসূচিও চোখে পড়ে না।
তৃণমূলের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মী জানান, রাজবাড়ীর আওয়ামী লীগের রাজনীতি সাধারণত সাংসদ কাজী কেরামত আলীর পরিবার থেকেই নিয়ন্ত্রণ করা হয়। তবে জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরীর স্ত্রী কামরুন্নাহার চৌধুরী লাভলী সংরক্ষিত আসনের সাংসদ হওয়ার পর মহম্মদ আলী চৌধুরীকে ঘিরে দলে আরেকটি বলয় তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় পৌর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে মারধরের ঘটনা ঘটেছে এবং তা আদালত পর্যন্ত গড়িয়েছে।
মহম্মদ আলী চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘কাজী পরিবারের সাথে আমার কোনো বিরোধ নেই। আমি আওয়ামী লীগের কর্মী হিসেবে কাজ করি। অনেকেই আমার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে আসে, চেষ্টা করি তাদের উপকার করতে।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী দাবি করেন, দলে তেমন কোনো ঝামেলা নেই। একটি কমিটি করার আগে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। আগামী সভায় তা নিষ্পত্তি করা হবে। সেপ্টেম্বর মাসে জেলা সম্মেলন করার আগে সব পর্যায়ের সম্মেলন শেষ করা হবে।
ত্যাগী নেতা-কর্মীরা কোণঠাসা হওয়ার অভিযোগের বিষয়ে কেরামত আলী বলেন, ‘অবশ্যই ত্যাগীদের সম্মান করি। তবে দলে নবীনদেরও তো আনতে হবে।’
জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফকীর আবদুল জব্বার প্রথম আলোকে বলেন, ‘আমরা দলকে গোছানোর অংশ হিসেবে বিভিন্ন পর্যায়ে সম্মেলন করছি। ইতিমধ্যে রাজবাড়ী সদর, বালিয়াকান্দি ও গোয়ালন্দ উপজেলা কমিটি এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি করা হয়েছে। অন্য দুটি উপজেলা ও বাকি ইউনিয়ন ও ওয়ার্ডের সম্মেলনের প্রস্তুতি চলছে। এরপর জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে।’