ঐক্য করতে যাইনি: কাদের সিদ্দিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাদের সিদ্দিকী। ফাইল ছবি
কাদের সিদ্দিকী। ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কোনো ঐক্য করতে যাননি বলে জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। তিনি বলেন, দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে খালেদা জিয়ার বাসায় গেছেন। জামায়াতকে নিয়ে কোনো রাজনীতি করবেন না বলেও জানান তিনি।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে স্ত্রী নাসরিন সিদ্দিকীর একটি বক্তব্য সংশোধন করে কাদের সিদ্দিকী এ কথা বলেন।

সংবাদ সম্মেলনের শুরুতে কৃষক শ্রমিক জনতা লীগের জ্যেষ্ঠ সহসভাপতি নাসরিন সিদ্দিকী বলেন, ‘খালেদা জিয়া আমাদের ডেকেছিলেন, কালকে (বৃহস্পতিবার) আমরা গিয়েছিলাম দেশে যাতে জঙ্গি দমন হয়, সে কারণে একটি ঐক্য করতে।’ তিনি আরও বলেন, ‘আমার স্বামী মুক্তিযুদ্ধ করেছেন, জামায়াতকে নিয়ে তিনি কোনো ঐক্য করবেন না। এটাই উনি বলেছেন। দেশের যে অবস্থা চলছে আমি মনে করি, স্বাধীনতার সপক্ষের শক্তি একত্র হয়ে কাজ করলে জঙ্গি দমন হবে। আর জঙ্গি উত্থান হয়েছে কোত্থেকে, সেটা সরকারকে দেখতে হবে।’

এরপর কাদের সিদ্দিকী বলেন, ‘আমার স্ত্রী খুব সহজ-সরল সাদামাটা মানুষ। সে জন্য অনেক কথা কূটনৈতিক বা রাজনৈতিকভাবে চিন্তা করেননি। আমরা খালেদা জিয়ার সঙ্গে কোনো ঐক্য করতে যাইনি। আমরা দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়েছিলাম।’


কাদের সিদ্দিকী আরও বলেন, দেশের চলমান পরিস্থিতিতে সার্বিকভাবে একটি জাতীয় ঐক্য গঠনের প্রচেষ্টা নেওয়া দরকার। সেখানে যেমন জামায়াত থাকবে না, সেখানে তেমনি বঙ্গবন্ধুর সরকারকে উৎখাতের জন্য দেশকে অস্থিতিশীল করার জন্য গণবাহিনীও থাকবে না।


কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আরও বলেন, ‘বঙ্গবন্ধু ছাড়া রাজনীতি করব না। জামায়াতকে নিয়ে রাজনীতি করব না। খালেদা জিয়াকে জাতীয় নেতৃত্ব দিতে হলে প্রথম স্পষ্টভাবে বলতে হবে, জামায়াত আর জোটে নেই।’ তিনি বলেন, বঙ্গবন্ধুকে বাদ দিয়ে তাঁকে অবহেলা করে কেউ রজনীতি করলে তাঁর সঙ্গে কৃষক শ্রমিক জনতা লীগ থাকবে না। ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুর দিনে খালেদা জিয়ার যদি প্রকৃত জন্মদিনও হয়, সেটা পালন করা চলবে না।’


কাদের সিদ্দিকী আরও বলেন, ‘আমি গর্বের সঙ্গেই বলতে চাই, ১৯৭১ সালে বঙ্গবন্ধু যেমন ছিলেন একজন অবিসংবাদিত নেতা, কেউ মানুন আর না-ই মানুন, আজকে শেখ হাসিনাও সে অবস্থানে এসেছেন। তিনি বাংলাদেশের প্রধান জাতীয় নেতা। তবে খালেদা জিয়াকে একেবারে বাদ দিয়ে নয়।’


জোট থেকে জামায়াতকে ছাড়ার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদের বক্তব্য উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, এমাজউদ্দীন আহমদ যে মতামত ব্যক্ত করেছেন, তারপরে জামায়াতের ওইরকম ঔদ্ধত্য সহ্য করা যায় না।


কৃষক শ্রমিক জনতা লীগের প্রস্তাবে খালেদা জিয়া কী বলেছেন জানতে চাইলে কাদের সিদ্দিকী বলেন, ‘একটি মানব সন্তান পেতে হলেও আমাদের ১০ মাস অপেক্ষা করতে হয়। এত তাড়াহুড়ার কি, আমরা প্রস্তাব দিয়েছি, দেখা যাক।’


জঙ্গিবাদের বিরুদ্ধে একই ধরনের আহ্বান সরকার পক্ষ থেকে আসলে যাবেন কি না, এমন প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, ‘আমি যাব তো দূরের কথা, আমি তো যেয়েই আছি।

আন্তরিকভাবে বাংলাদেশকে রক্ষার জন্য যেকোনো কাজে, জামায়াত ছাড়া আর জঙ্গি গণবাহিনী ছাড়া যাদের কাছে গিয়ে মনে হবে সত্যিকার অর্থে কিছু হবে, আমি তো সেখানে যেয়েই আছি।’


সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীরপ্রতীক, সহসভাপতি আবদুল্লাহ বীরপ্রতীক প্রমুখ।