ঐক্য চাইলে জামায়াতকে ছাড়তে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জাতীয় ঐক্য চাইলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জামায়াতে ইসলামীর সঙ্গ ত্যাগ করতে হবে।

আজ বৃহস্পতিবার সিলেটের শাহি ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

আবুল মাল আবদুল মুহিত বলেন, খালেদা জিয়া অনেক দিন পর জাতীয় ঐক্যের কথা বলে ভালো কাজ করেছেন। তবে ঐক্য চাইলে তাঁকে জামায়াতের সঙ্গ ছাড়তে হবে। জামায়াত সঙ্গে থাকলে কোনো ধরনের সংলাপ অথবা ঐক্যের প্রশ্নই আসে না।

সম্প্রতি গুলশানে সন্ত্রাসী হামলার প্রসঙ্গ তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ‘কিছু শিক্ষিত যুবক বিপথগামী হয়েছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। আমি মনে করি, অভিভাবকগণ ছেলেমেয়েদের ভালোবাসা, স্নেহ দিয়ে কাছে রাখলে তারা বিপথগামী হবে না।’ তিনি আশা প্রকাশ করে বলেন, এখন থেকে প্রত্যেক অভিভাবক তাঁর সন্তানের প্রতি দায়িত্ববান হবেন। দেশ ও জাতির মঙ্গলের জন্য সবার কাছে দোয়া কামনা করেন অর্থমন্ত্রী।

ঈদগাহে ঈদের নামাজের আগে ধর্মীয় আলোচনা করেন সিলেট বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ খান। নামাজের ইমামতি করেন জামে মসজিদের ইমাম হাফিজ কামাল উদ্দিন। নামাজের পর দেশ ও জাতির মঙ্গল ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।