ঐক্যবদ্ধ আন্দোলন কখনো ব্যর্থ হয় না : ড. কামাল

অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলে সাধারণ মানুষের সেই আন্দোলন কখনো ব্যর্থ হয় না বলে মন্তব্য করেছেন সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘সেই ’৫২ সালের ভাষা আন্দোলন থেকে আমরা সেটাই দেখে আসছি। কাজেই নিরাশার কিছু নেই। বরং আসুন, আমরা ঐক্যবদ্ধ হই। সাধারণ মানুষকে বোঝাই।’
আজ বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ’৭২–এর সংবিধান, গণতন্ত্র ও আইনের শাসন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে ড. কামাল এ কথা বলেন।
ড. কামাল বলেন, ‘সংবিধান কোরআন হাদিস নয় যে এটা সংশোধন করা যায় না। সংবিধানের কোথায় কী সমস্যা আছে, আসুন আমরা খুঁজে বের করি। এরপর মানুষকে বোঝাই।’
ড. কামাল বলেন, ‘গরু–ছাগলের মাথা কেনা যায় কিন্তু মানুষের মাথা কেনা যায় না। আসুন, আমরা জনগণকে বোঝাই। সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হলে সেই আন্দোলন কখনো ব্যর্থ হয় না।’
সংবিধান প্রণয়ন কমিটির আরেক সদস্য আইনজীবী ব্যারিস্টার আমীর–উল ইসলাম বলেন, ‘বাংলাদেশ রাষ্ট্রের মূলনীতি ছিল সংবিধানের চার মূলনীতি। কিন্তু আমাদের সেই সংবিধানকে অবহেলা করা হয়েছে। সংবিধানের পরিপূর্ণ শর্ত না মেনেই বিচারক নিয়োগ হয়ে আসছে। ধর্মনিরপেক্ষতা আছে। আবার রাষ্ট্রধর্মও আছে। এগুলো স্ববিরোধী।’ এ বছর সংবিধান দিবসের ৪৪ বছর উপলক্ষে বড় করে একটা সম্মেলন আয়োজনের কথাও বলেন তিনি।
সাবেক তথ্যমন্ত্রী আবু সায়ীদ বলেন, আজকে যে জঙ্গিবাদ, তার জবাব দিতে হলেও ’৭২–এর সংবিধানে ফিরে যেতে হবে।
বাসদ নেতা কমরেড খালেকুজ্জামান বলেন, ‘সংবিধান বিভিন্ন সময়ে কাটাছেঁড়া করা হয়েছে। এমনকি অসাংবিধানিক শক্তি ক্ষমতায় এসেও সেটি করেছে। সামাজিক ন্যায়বিচারের বদলে অন্যায়, জোরজুলুম করে দেশ চলছে। আমরা দিনকে দিন পিছিয়েছি।’
ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, স্বাধীনতার পর স্বল্পসময়ে এত সুন্দর একটা সংবিধান প্রশংসাযোগ্য। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পর সংবিধান হত্যা শুরু হয়। ভুল পথে হাঁটা বন্ধ করতে হবে।’
সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপ না করার জন্য বলা হলেও আদালত সেটি করেছে। রাজনৈতিক এই সিদ্ধান্ত আদালত না দিলেও চলত।’
অনুষ্ঠানের সভাপতি গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি সুব্রত চৌধুরী বলেন, ’৭২–এর সংবিধান পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান। কিন্তু সেই সংবিধান নানাভাবে কাটাছেঁড়া করা হয়েছে। যারা বঙ্গবন্ধুর আদর্শের কথা বলেন, তাঁদের উচিত ’৭২–এর সংবিধানে ফিরে যাওয়া।