ঐক্যবদ্ধ হচ্ছে গণজাগরণ মঞ্চের দুই পক্ষ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের সমর্থকদের ওপর পুলিশের হামলার পর মঞ্চের নেতা-কর্মীদের কাছে অবিভক্ত মঞ্চের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। কীভাবে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন জোরদার করা যায়, সে বিষয়ে দুই অংশের নেতারা দফায় দফায় বৈঠক করছেন। এই দুই বলয়ের বাইরে যাঁরা ছিলেন, তাঁরাও দুই অংশকে ঐক্যবদ্ধ করতে মধ্যস্থতা করছেন।


আজ বুধবার জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডাদেশ কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেওয়ার রায় প্রত্যাখ্যান করেছে গণজাগরণ মঞ্চের উভয় পক্ষ।


সকাল থেকেই পৃথক কর্মসূচির মধ্য দিয়ে এ রায়ের বিরুদ্ধে কর্মসূচি চালিয়ে যাচ্ছে গণজাগরণ মঞ্চের দুই অংশ। দুপুর পৌনে ১২টার আগে শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ার সময় ইমরান এইচ সরকারের অংশের লোকজনের ওপর জলকামান দিয়ে গরম পানি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ অন্তত চারজন আহত হন। তাঁদের সাংবাদিকদের গাড়িতে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


এ সময় জাতীয় জাদুঘরের সামনে কামাল পাশা চৌধুরী অংশের প্রতিবাদী গণসংগীত চলছিল। একপর্যায়ে গণসংগীত থামিয়ে কামাল পাশা চৌধুরী মাইক নিয়ে বলেন, ‘গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীদের ওপর এই হামলার আমরা তীব্র নিন্দা জানাই।’ তিনি সব পক্ষকে এক হওয়ার আহ্বান জানান। পরে বক্তব্য দেওয়ার সময় এই অংশেরই আরেক নেতা বলেন, ‘আমরা শাহবাগে আন্দোলন করছি ইমরান ভাই ও কামাল ভাইয়ের নেতৃত্বে।’


কাঁদানে গ্যাসের শেল ছুড়ে শাহবাগের মূল চত্বর থেকে গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীদের সরিয়ে দেওয়ার পর তাৎক্ষণিকভাবে তাঁরা একটি বিক্ষোভ মিছিল করেন। সেখানেও জলকামান দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।


জানতে চাইলে পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার (এসি) শিবলী নোমান সাংবাদিকদের বলেন, ‘আমরা কোনো সমাবেশে বাধা দেইনি। যখন যান চলাচলে বিঘ্ন ঘটেছে, তখনই কেবল আমাদের অ্যাকশনে যেতে হয়েছে।’


ইমরান এইচ সরকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ‘শাহবাগ আন্দোলনের’ কর্মীদের দুই পক্ষের সঙ্গে প্রাথমিক আলোচনা করে একটি কর্মসূচি দেওয়ার প্রস্তাব করেন। গত ৮ এপ্রিল পাঁচটি বাম ছাত্র সংগঠন সংবাদ সম্মেলন করে দুই অংশের কারও সঙ্গে না থাকার ঘোষণা দিয়েছিল। ওই সংগঠনের নেতারাই ‘শাহবাগ আন্দোলন’ নামে আলাদা কর্মসূচি পালন করেছেন বিভিন্ন সময়। এঁদের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু, জাসদ ছাত্রলীগের সভাপতি সামসুল ইসলাম সুমন প্রমুখ। তাঁদের সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ অনলাইন নেটওয়ার্ক ফোরামের (বোয়ান) একাংশ। গত ১৯ এপ্রিল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই অংশটি ইমরান এইচ সরকারের প্রতি অনাস্থা জানায়।


আজ দুপুর ১২টার পর বাপ্পাদিত্য বসু ও বোয়ানের নেতা কানিজ আকলিমা সুলতানা ইমরানবিরোধী অংশের নেতা কামাল পাশা চৌধুরীর কাছে একসঙ্গে কর্মসূচি দেওয়ার প্রস্তাব করেন। এ সময় কামাল পাশা চৌধুরী বলেন, ‘আমাদের মধ্যে বিভক্তি থাকতে পারে কিন্তু আমাদের দাবি একটাই। এ ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা নেই। ওদের যদি কোনো সমস্যা না থাকে, তবে বিকেলে আমরা একসঙ্গে শাহবাগে বসে যান চলাচল বন্ধ করে দিতে পারি।’


পরে প্রস্তাব নিয়ে মধ্যস্থতাকারীরা ওই পক্ষের কাছে যান। সেখানে ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক, সাবেক সভাপতি খান আসাদুজ্জামানের সঙ্গে কথা বলেন। পরে বাপ্পাদিত্য বসুর কাছে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘ঐক্যের প্রস্তাবে আলোচনা হচ্ছে। দুই পক্ষই মোটামুটি রাজি হয়েছে। আমরা আলোচনা চালিয়ে যাব। গণজাগরণ মঞ্চের বিভক্তি থাকলে সরকার সব সময় এর সুবিধা নিতেই থাকবে। যুদ্ধাপরাধীর ফাঁসির প্রশ্নে গণজাগরণ মঞ্চ কোনো আপস করবে না।’


কামাল পাশা চৌধুরী পক্ষের এক সংগঠক এফ এম শাহীন প্রথম আলোকে বলেন, ‘আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা নেই। আলোচনা করে আমাদের পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে।’


ইমরান এইচ সরকারের পক্ষে খান আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলন সবার। এখানে সবাই এসে প্রতিবাদ জানাতে পারে। আমাদের সঙ্গে যারাই আসুক, কাউকেই তো আর বাধা দেব না!’ দুই অংশ এক হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আলোচনা চলছে। ইমরান এইচ সরকার হাসপাতালে থাকায় তাঁর সঙ্গেও আলোচনার প্রয়োজন আছে। আমরা খুব তাড়াতাড়ি সংবাদ সম্মেলন করে আপনাদের জানাব।’