এখন থেকেই দলীয় নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগের কাছে কোনো শক্তি টিকে থাকতে পারবে না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে শেখ হাসিনার মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। এ জন্য তৃণমূল পর্যায়ের নেতা–কর্মীদের কাছে দলীয় বার্তা পৌঁছাতে হবে।
গতকাল মঙ্গলবার কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির প্রথম সভায় বক্তারা এসব কথা বলেন। দুপুর সাড়ে ১২টায় কুমিল্লা নগরের রামঘাট দলীয় কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, দুজন মন্ত্রী, একজন সাংসদসহ কমিটির বেশির ভাগ সদস্য উপস্থিত ছিলেন।
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ওই সভা হয়। এতে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক, দলের জ্যেষ্ঠ সহসভাপতি ও সাংসদ মো. তাজুল ইসলাম, সহসভাপতি মফিজুর রহমান, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু তাহের ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন।
সভায় আবদুল মতিন খসরু বলেন, দুই মাস অন্তর অন্তর কার্যকরী কমিটির সভা ডাকতে হবে। দলের নেতা–কর্মীদের সঙ্গে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের দূরত্ব কমাতে হবে। এখনই ভোটকেন্দ্রভিত্তিক কমিটি গঠন করে কাজ শুরু করতে হবে।
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রুপম মজুমদার বলেন, গতকাল কার্যকরী কমিটির প্রথম সভা হয়। সভায় ১৫ সেপ্টেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রতিনিধিসভা নিমসার জুনাব আলী কলেজ মাঠে করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।