ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বরুড়া উপজেলা আওয়ামী লীগের বিবদমান তিন পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সরকারের দুই মন্ত্রী। তাঁরা বরুড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক সাংসদ নাছিমুল আলম চৌধুরীর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম চলবে বলে জানিয়ে দেন।

গতকাল শনিবার বরুড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক জনসভায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং একই কমিটির সাধারণ সম্পাদক রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক এই সিদ্ধান্তের কথা জানান। এ উপলক্ষে উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে বাসে বিপুলসংখ্যক নেতা-কর্মী জনসভায় উপস্থিত হন। তবে আওয়ামী লীগের ওই জনসভায় একাংশের নেতা কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ এস এম কামরুল ইসলামের অনুসারীরা অনুপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানিয়েছেন, গতকাল বেলা ৩টা ৩০ মিনিটে বরুড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বরুড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জনসভা শুরু হয়। এতে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক সাংসদ নাছিমুল আলম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী । বিশেষ অতিথির বক্তব্য দেন রেলমন্ত্রী। সভায় আরও বক্তব্য দেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু তাহের, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. এনামুল হক প্রমুখ।

সভায় পরিকল্পনামন্ত্রী বলেন, ‘যদি কেউ দলের মধ্যে কোন্দল করতে চায়, তা কোনোভাবেই বরদাশত করা হবে না। এখানে আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়কের নেতৃত্বে দল চলবে।’

রেলমন্ত্রী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বরুড়া উপজেলা আওয়ামী লীগের কমিটি দেওয়া হয়েছে। ওই কমিটির আহ্বায়কের নেতৃত্বে এখানে আওয়ামী লীগের রাজনীতি চলবে।’

দলের অন্তত তিনজন নেতা বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৮ (বরুড়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন নাছিমুল আলম চৌধুরী। তখন আওয়ামী লীগ আসনটি জাতীয় রাজনীতির সমীকরণের স্বার্থে জাতীয় পার্টিকে ছেড়ে দেয়। দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশে নাছিমুল নির্বাচন থেকে সরে দাঁড়ান। কিন্তু দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ এস এম কামরুল ইসলাম সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হন। এরপর উপজেলা নির্বাচনে নিজ এলাকায় ঠিকাদারি ব্যবসা থাকায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক এনামুল হক দলীয় সমর্থন পেয়েও নির্বাচন করতে পারেননি। এরপরই বরুড়া উপজেলা আওয়ামী লীগে তিনটি ধারার সৃষ্টি হয়।

পক্ষগুলোর নেতৃত্ব আছেন নাছিমুল আলম চৌধুরী, এনামুল হক ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ এস এম কামরুল ইসলাম। গত সাড়ে তিন বছর ওই তিন নেতার অনুসারীরা আলাদা আলাদা কর্মসূচি পালন করেন। গতকালের জনসভায় নাছিমুল ও এনামুলের পক্ষের অনুসারীরা উপস্থিত ছিলেন, কিন্তু সাংগঠনিক সম্পাদক ও তাঁর অনুসারীরা ওই জনসভায় যোগদান করেননি।

এ প্রসঙ্গে চীন থেকে মুঠোফোনে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ এস এম কামরুল ইসলাম বলেন, ‘যাঁরা বিগত দিনে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে কাজ করেছেন, তাঁদের আহ্বানে ডাকা সভায় কোনোভাবেই যেতে পারি না। তাই আমরা ওই জনসভা বয়কট করেছি।’

এর আগে বেলা ১১টায় বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে দুই মন্ত্রী সুধী সমাবেশে বক্তব্য দেন। এতে বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী, রেলপথমন্ত্রী, নাছিমুল আলম চৌধুরী, কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আজিজুর রহমান, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু তাহের, আগানগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শরীফুল ইসলাম প্রমুখ।