বর্তমান পরিস্থিতি মোকাবিলায় জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করে বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, তাঁরা সব দলকে আহ্বান জানাবেন। আওয়ামী লীগ বা তাদের সমমনা দলগুলো না এলে জনগণ তাদের জন্য অপেক্ষা করবে না।
গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় খন্দকার মোশাররফ বলেন, দেশে গণতন্ত্র না থাকা এবং মানুষের কথা বলার অধিকার না থাকায় জঙ্গিবাদের উত্থান হচ্ছে। ব্যারিস্টারস ফর চেঞ্জ নামের একটি সংগঠন আলোচনা সভার আয়োজন করে।
রাজধানীর কল্যাণপুরে পুলিশের অভিযানে নিহত ব্যক্তিরা আসলেই জঙ্গি কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘কল্যাণপুরে আসলে কী ঘটেছে, জানি না। তারা জঙ্গি হলে সামনাসামনি গোলাগুলি করে মারা যাওয়ার কথা। কিন্তু ময়নাতদন্তে বলা হয়েছে, বেশির ভাগের মৃত্যু হয়েছে পেছন থেকে গুলি লেগে।’
খন্দকার মোশাররফ বলেন, সরকার প্রকৃত জঙ্গিদের না ধরে দোষারোপের রাজনীতি করছে। বিএনপি-জামায়াতকে দায়ী করছে। কিন্তু গুলশান হামলায় নিহত জঙ্গিদের একজন আওয়ামী লীগের নেতার ছেলে। বিদেশ থেকে ভিডিও বার্তা দিয়ে হুমকি দিয়েছে সাবেক সচিব শফিউর রহমানের ছেলে। তিনি মহীউদ্দীন খান আলমগীরের সঙ্গে জনতার মঞ্চ করেছিলেন। যদি এরা বিএনপি বা জামায়াত নেতার ছেলে হতো, তাহলে আকাশ-পাতাল হয়ে যেত।