ঐক্যের লক্ষ্যে আবার তৎপর বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় বৃহত্তর ঐক্য গড়তে আবার তৎপর হচ্ছে বিএনপি। দুই জোটের বাইরের কিছু গণতন্ত্রমনা বিভিন্ন দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে শিগগির অনানুষ্ঠানিক আলোচনা বা কথাবার্তা শুরু করবে। তাঁদের মনোভাব ইতিবাচক হলে দলগুলোকে আনুষ্ঠানিক চা-চক্রের আমন্ত্রণ জানানো হবে।
বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, চা-চক্রে আমন্ত্রিত দলগুলোর সঙ্গে পরামর্শ নিয়ে ঠিক করা হবে পরবর্তী পদক্ষেপ। এ প্রক্রিয়ায় দলের শুভাকাঙ্ক্ষী ও বুদ্ধিজীবীদেরও সহযোগিতা নেওয়া হচ্ছে।
দলীয় সূত্র জানায়, আমন্ত্রিত দলগুলোর সম্ভাব্য তালিকায় আছে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম, এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারা বাংলাদেশ, আবদুল কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ, আ স ম আবদুর রবের জেএসডি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাসদ (খালেকুজ্জামান)। এ তালিকায় গণতান্ত্রিক বাম মোর্চার কয়েকটি শরিক দলের নামও রয়েছে।
১ জুলাই গুলশানের হলি আর্টিজানে নৃশংস জঙ্গি হামলার পরপরই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া উগ্রবাদ মোকাবিলায় জাতীয় ঐক্যের আহ্বান জানান। এরপর দলের শীর্ষস্থানীয় নেতারা বৃহত্তর ঐক্যের লক্ষ্যে সব রাজনৈতিক দলকে নিয়ে একটি কনভেনশন করার কথা বলেন।
বিএনপির সূত্র জানায়, ১৩ জুলাই ২০-দলীয় জোট ও পরদিন বিশিষ্ট নাগরিকদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠকের পর ঐক্যের বিষয়টি জোর আলোচনায় আসে। এরপর সেমিনারে অংশ নিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যুক্তরাজ্যে যাওয়া এবং তাঁর ফেরার আগেই মানি লন্ডারিং আইনের মামলায় তারেক রহমানের বিরুদ্ধে সাত বছরের কারাদণ্ডের রায়ের পর ঐক্যের তৎপরতায় মনযোগ হারান বিএনপির নেতারা।
জানা গেছে, বিএনপির নেওয়া জাতীয় ঐক্যের উদ্যোগকে এগিয়ে নিতে দলের শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত অধ্যাপক এমাজউদ্দীন আহমদ ও ডা. জাফরুল্লাহ চৌধুরী গত রোববার রাতে গুলশানে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। এ সময় বিএনপির মহাসচিবও ছিলেন। সেখানে সম্ভাব্য ঐক্য প্রক্রিয়া থেকে জামায়াতকে দূরে রাখার বিষয়ে দুজন কথা বলেন। এ ছাড়া গুলশানে জঙ্গিদের নৃশংস হত্যাযজ্ঞ, এ ব্যাপারে বিচার বিভাগীয় তদন্ত চাওয়া এবং তারেক রহমানের সাজার রায় নিয়েও আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। ঐক্যের উদ্যোগ সফল করতে খালেদা জিয়া এমাজউদ্দীন আহমদ ও জাফরুল্লাহ চৌধুরীকে তাঁদের অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানান।
এ বিষয়ে জানতে চাইলে জাফরুল্লাহ চৌধুরী প্রথম আলোকে বলেন, ঐক্যের ব্যাপারে তিনি (খালেদা জিয়া) সবার সঙ্গে কথা বলে এগোতে চান। সে জন্য প্রথমে তিনি চায়ের আমন্ত্রণ জানাবেন। এটি বিএনপির নিজস্ব উদ্যোগ। তাই এতে জামায়াতকে রাখা হচ্ছে না।