ঐক্য-অনৈক্য এড়িয়ে সম্মেলনেই স্বস্তি খুঁজছেন নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর জেলা আওয়ামী লীগের নেতাদের প্রায় সবাই প্রকাশ্যে দলে ঐক্য আছে বলে দাবি করেছেন। তবে অপ্রকাশ্যে দ্বন্দ্বের আভাসও দিয়েছেন কয়েকজন। সেই দ্বন্দ্বের প্রকাশ যতটা না জোরালো, তার চেয়ে জোরালো দাবি কাউন্সিলের মাধ্যমে একটি দ্রুত কমিটি গঠন।
নেতারা জানান, জেলা কমিটির পূর্ণাঙ্গ সম্মেলন হয়েছিল ১৯৯৭ সালে। ২০০৬ সালের ৩০ সেপ্টেম্বর রংপুর টাউন হলে আয়োজিত সম্মেলনটি নেতা-কর্মীদের দলাদলির কারণে পণ্ড হয়ে যায়। পরে সম্মেলন ছাড়াই ২০০৯ সালে তিন বছরের জন্য একটি কমিটি করে দেওয়া হয় ঢাকা থেকে। তাতে আবুল মনসুর আহমেদকে সভাপতি ও রেজাউল করিম ওরফে রাজুকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি করে দেওয়া হয়। আবুল মনসুর আহমেদ মারা যাওয়ায় মেয়াদ পেরোনো ওই কমিটির ভারপ্রাপ্ত সভাপতি করা হয় জ্যেষ্ঠ সহসভাপতি মমতাজ হোসেনকে। তিনি এখন রংপুর জেলা পরিষদের প্রশাসকও।
দলের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৯ সালে কেন্দ্র থেকে কমিটি করে দিলে তাতে স্থান না পাওয়া একটি পক্ষ ক্ষুব্ধ হয়। তারা বিভিন্ন কর্মসূচি আলাদাভাবে পালনও করে। কিন্তু সেই অবস্থা এখন আর নেই।
মমতাজ হোসেন প্রথম আলোকে বলেন, দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখন আর নেই। দলের অনেক জ্যেষ্ঠ নেতা যাঁরা নিষ্ক্রিয় ছিলেন, তাঁরা এখন অফিসমুখী হয়েছেন।
নগরের বেতপট্টিতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে দেখা যায়, তরুণ নেতা-কর্মীরা কার্যালয়ে আসছেন। তবে একাধিক নেতা স্বীকার করেছেন, কেন্দ্রীয় কর্মসূচি ও বিভিন্ন দিবসের অনুষ্ঠান ছাড়া তেমন কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করা হয় না। দল ক্ষমতায় থকায় দৃশ্যমান ঐক্য আছে। কিন্তু ভেতরে সুপ্ত দ্বন্দ্ব আছে। আছে হতাশাও।
জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর রহমান বলেন, আসলে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা না হলে দলে গতি ফিরে আসবে না। সেই লক্ষ্যে বিভিন্ন উপজেলায় সম্মেলনের প্রস্তুতিও চলছে।
জেলা কমিটির সদস্য ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন বলেন, জেলা কমিটির সভা নিয়মিত হয় না। এতে সবার মধ্যে একটা গাছাড়া ভাব চলে এসেছে। আর এ কমিটির মেয়াদও শেষ হয়ে গেছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘রংপুর প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা হওয়াটা আমাদের জন্য বিরাট প্লাস পয়েন্ট। ভবিষ্যতে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সজীব ওয়াজেদ জয় রাজনীতিতে আসুক এটা আমরা আশা করি। তখন এমনিতেই এ এলাকা আওয়ামী লীগের আয়ত্তে চলে আসবে বলে আমাদের বিশ্বাস।’
রেজাউল করিম বলেন, দলের সাংগঠনিক কাঠামো মজবুত করে ইতিমধ্যে জেলায় নবীন-প্রবীণ মিলে দুই লাখের ওপর সদস্য সংগ্রহ করা হয়েছে। আগে দলের যতটুকু অভ্যন্তরীণ দ্বন্দ্ব ছিল, সেটি এখন অনেকটা দূর হয়েছে। আগামী দুই মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।