ওঁরাও তরুণ হত্যা বিচারের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর মহাদেবপুর উপজেলায় আদিবাসী তরুণ দিপু ওঁরাও হত্যার বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার নওগাঁ শহরের মুক্তির মোড়ে জাতীয় আদিবাসী পরিষদ ও বাসদ নওগাঁ জেলা শাখা যৌথভাবে এই মানববন্ধন করে।
জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা শাখার সভাপতি আমিন কুজুরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নওগাঁর সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, সাংগঠনিক সম্পাদক দেবলাল টুডু, গণজাগরণ মঞ্চ নওগাঁর সমন্বয়ক নাইস পারভীন প্রমুখ।
মানববন্ধন চলাকালে বক্তারা দিপুর হত্যাকারী সামছুর রহমানকে গ্রেপ্তারে পুলিশ গাফিলতি করছে বলে অভিযোগ করেন। অবিলম্বে আসামিকে গ্রেপ্তার করে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান তাঁরা।