ওএসডি যুগ্ম সচিব এ কে এম জাহাঙ্গীরকে বাধ্যতামূলক অবসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম সচিব এ কে এম জাহাঙ্গীরকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে। 
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কিছুসংখ্যক বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তা-কর্মচারী বৈঠক করার সময় এই কর্মকর্তাও ছিলেন বলে কোনো কোনো গণমাধ্যমে বলা হয়।
তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, এ কে এম জাহাঙ্গীরের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকার জনস্বার্থে তাঁকে চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বলে বিবেচনা করছে। এ জন্য সরকারি কর্মচারী (অবসর) আইনের ক্ষমতাবলে সরকার তাঁকে চাকরি থেকে অবসর প্রদান করেছে।
এ বিষয়ে চেষ্টা করেও এ কে এম জাহাঙ্গীরের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে।
৪ ডিসেম্বর বিএনপির গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে একদল বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তা-কর্মচারী বৈঠক করেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। যদিও বিএনপির পক্ষ থেকে এই বৈঠকের কথা অস্বীকার করা হয়েছে। এ ঘটনার পর ৫ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, বৈঠককারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আইন আপন গতিতে চলবে। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়, বৈঠককারীদের চিহ্নিত করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, ‘বৈঠককারীদের’ অধিকাংশই বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারী। আবার অবসর-উত্তর ছুটিতে থাকা ও অবসরে যাওয়া প্রশাসন ক্যাডারের কয়েকজন কর্মকর্তাও ওই ‘বৈঠকে’ অংশ নিয়েছিলেন। ওএসডিতে থাকা প্রশাসন ক্যাডারের দু-একজন কর্মকর্তার নাম আছে এই তালিকায়। এখন তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। যাঁদের চাকরির বয়স ২৫ বছর হয়ে গেছে, তাঁদের কয়েকজনকে সরকারি কর্মচারী আইন (অবসর) অনুযায়ী বাধ্যতামূলক অবসরে পাঠানো হতে পারে। বাকিদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।