ওবায়দুল কাদের আগের চেয়ে ভালো আছেন: অধ্যাপক শারফুদ্দিন
অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভালো আছেন। আজ বুধবার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন বিএসএমএমইউর উপাচার্য উপাচার্য শারফুদ্দিন আহমদ। তিনি আজ ওবায়দুল কাদেরের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
বুকে ব্যথা নিয়ে গতকাল মঙ্গলবার বিএসএমএমইউয়ে এসেছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে অবশ্য তাঁর ব্যথা কমে যায়। কাদেরের চিকিৎসায় বিএসএমএমইউর উপাচার্যের নেতৃত্বে ১০ সদস্যের এক মেডিকেল বোর্ড গঠন করা হয়।
শারফুদ্দিন আহমদ বলেন, ‘ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা ভালো। কালকের চেয়ে তিনি সুস্থ আছেন।’
উপাচার্য আরও বলেন, ‘তাঁর ব্লাড সুগার একটু অনিয়ন্ত্রিত ছিল। সেটা এখন নিয়ন্ত্রণে আছে। তাঁর সার্বিক অবস্থা ভালো আছে।’
এর আগে ২০১৯ সালের মার্চ মাসে ওবায়দুল কাদের গুরুতর অসুস্থ হয়ে বিএসএমএমইউর করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর এনজিওগ্রাম করে তাঁর করোনারি ধমনিতে তিনটি ব্লক পান চিকিৎসকেরা, যার মধ্যে একটি অপসারণও করা হয়। এরপর তাঁকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই মাসের বেশি সময় ধরে তাঁর চিকিৎসা হয়।