আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে জানিয়েই নোয়াখালী-৪ আসনের সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া এবং চূড়ান্ত বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। জেলা আওয়ামী লীগের নেতারা এ দাবি করেছেন।
সাংসদ একরামুল নোয়াখালী-৪ আসন থেকে টানা তিনবারের নির্বাচিত সাংসদ। এ ছাড়া গত সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১৭ বছর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।
গত শুক্রবার জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির বৈঠকে একরামুলকে জেলা আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের সর্বসম্মত সিদ্ধান্ত হয়। সদ্য সমাপ্ত নোয়াখালী পৌরসভা নির্বাচন ও বিভিন্ন উপজেলায় অনুষ্ঠিত ইউপি নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর বিরোধিতা করার অভিযোগে তাঁর বিরুদ্ধে নেওয়া হয়েছে ওই সিদ্ধান্ত।
আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে, সাংসদ ছাড়াও জেলা যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের আরও যেসব নেতা নির্বাচনে দলের প্রার্থীর বিপক্ষে কাজ করেছেন, তাঁদের বিরুদ্ধেও পর্যায়ক্রমে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে এই নেতাদের মধ্যে কারা রয়েছেন, তা এখনো প্রকাশ করা হয়নি। এ নিয়ে সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে বেশ অস্থিরতা ও আতঙ্ক বিরাজ করছে।
আহ্বায়ক কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত কার্যবিবরণী আকারে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে রোববার পাঠানোর কথা ছিল। তবে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালনকারী জ্যেষ্ঠ নেতা মহিউদ্দিন টোকন এদিন সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, সাংসদের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্তসহ অন্যান্য বিষয়ে সভার কার্যবিবরণীর খসড়া তৈরি করা হয়েছে। সোমবার সেটি কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ হারানোর চার মাসের মাথায় জেলা আহ্বায়ক কমিটির পদ থেকে প্রভাবশালী সাংসদ একরামুলকে অব্যাহতি ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের সুপারিশের খবরটি ছিল রোববার নোয়াখালীর সর্বমহলে সবচেয়ে আলোচিত বিষয়। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে টাউন হল মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে দিনভর পুলিশ মোতায়েন রাখা হয়।
আহ্বায়ক কমিটির বৈঠকের সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন (শাহিন) রোববার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘হুট করে হবে কেন? যাঁরা দলের বিরুদ্ধে, প্রার্থীর বিরুদ্ধে ভোট করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্লিয়ার অ্যাজেন্ডা আছে জেলা আওয়ামী লীগের। অ্যাজেন্ডার আলোকে উনিসহ (সাংসদ একরামুল) আরও অনেকের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এসব সিদ্ধান্তের বিষয়ে ওবায়দুল কাদের জানেন কি না, জানতে চাইলে শিহাব উদ্দিন বলেন, ‘আগে-পরে উনি (একরামুল) শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন স্থানে যে বক্তব্যগুলো দিয়েছেন, সময়ে সময়ে তাঁকে (ওবায়দুল কাদের) তা জানানো হয়েছে। আর শনিবার আহ্বায়ক কমিটির বৈঠকের সিদ্ধান্তের বিষয়ও জানানো হয়েছে তাঁকে।’
একই বিষয়ে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সুবর্ণচর উপজেলা পরিষদের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী রোববার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘সাংসদ একরামুলের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রমাণিত। ওনার বক্তব্যের অডিও-ভিডিও রয়েছে। নিজ ইউনিয়নে (সুন্দলপুর) তো ওনার ভাইকে ভোট দিতে প্রকাশ্য মঞ্চে সবাইকে বলেছেন।’
একজন সাংসদকে এভাবে অব্যাহতি দেওয়া ও চূড়ান্ত বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে কি না, সেই প্রশ্নের জবাবে খায়রুল আনম চৌধুরী বলেন, ‘দলীয় পদ গেলে তো এমপি পদ হারাবেন না। প্রাথমিক সদস্য পদের বিষয়টির সিদ্ধান্ত দলের সভাপতি নেবেন। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আমাদের নেই। আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, এখন সভাপতি যে সিদ্ধান্ত নেওয়ার নেবেন।’