ওয়ার্কার্স পার্টিকে স্মারকলিপি প্রদানে বাধার অভিযোগ
নীলফামারীর ডিমলা উপজেলায় গতকাল বুধবার দুপুরে ওয়ার্কার্স পার্টিকে স্মারকলিপি প্রদানে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পাথর ব্যবসায়ীদের বিরুদ্ধে এ বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন বলেন, গতকাল বেলা একটার দিকে তিস্তা বাঁচাও নদী বাঁচাও আন্দোলন কমিটির ব্যানারে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি নিয়ে দুই শতাধিক নেতা-কর্মীসহ তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যাচ্ছিলেন। পথে উপজেলা পরিষদের প্রায় ১০০ গজ অদূরে পাথর ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা বাধা দেন। এ ছাড়া ওই পাথর ব্যবসায়ীরা স্মারকলিপি ও ব্যানার কেড়ে নিয়ে নেতা-কর্মীদের লাঞ্ছিত করেন।
তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের রংপুর বিভাগীয় আহ্বায়ক নজরুল ইসলাম হক্কানী প্রথম আলোকে বলেন, উপজেলায় তিস্তা নদীতে অবৈধভাবে ভারী মেশিন দিয়ে বালু ও পাথর উত্তোলন করা হচ্ছে। তা বন্ধের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি নিয়ে ইউএনওর কার্যালয়ে যাওয়ার পথে পাথর ব্যবসার সঙ্গে যুক্তরা বাধা দিয়ে নেতা-কর্মীদের লাঞ্ছিত করেন ও স্মারকলিপি কেড়ে নেন।
এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন খান বলেন, ‘আমি নীলফামারী এসেছি। তবে ডিমলায় কথা-কাটাকাটি হয়েছে বলে শুনেছি। যতদূর জানি, ওই নেতারা তাঁদের স্মারকলিপি দিয়েছেন। কিন্তু লাঞ্ছিতের ঘটনায় এখনো কেউ কোনো লিখিত অভিযোগ দেননি।’
এ বিষয়ে জানতে চাইলে ইউএনও মো. রেজাউল করিম গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি কার্যালয়ের বাইরে আছি, এ ব্যাপারে এখনো কিছু শুনিনি।’