ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরছেন মেয়র আনিসুল হক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাভুক্ত ওয়ার্ডগুলোতে গিয়ে সেখানকার সমস্যা সমাধানে করণীয় ঠিক করছেন নতুন মেয়র আনিসুল হক। এ কাজে তাঁর সঙ্গী হয়েছেন সিটি করপোরেশনের সব বিভাগের প্রধান কর্মকর্তা, স্থানীয় সাংসদ ও কাউন্সিলররা।
গতকাল সোমবার মিরপুর এলাকার ২, ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড ঘুরে এই যাত্রা শুরু হয়েছে—যা ডিএনসিসির ২ নম্বর অঞ্চলের আওতাভুক্ত। এ সময় মিরপুর ১০ নম্বর গোলচত্বর হয়ে বাউনিয়া বাঁধ এলাকা পরিদর্শনকালে এলাকার রাস্তা ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মেয়র। পর্যায়ক্রমে বাকি চারটি অঞ্চলের ৩২টি ওয়ার্ডেও একইভাবে পরিদর্শন করা হবে বলে জানিয়েছেন তিনি।
মিরপুরসহ আশপাশের এলাকাগুলোর প্রধান সমস্যা হিসেবে বর্জ্য ও ড্রেনেজ ব্যবস্থাকে দায়ী করে মেয়র বলেন, ‘একটু বৃষ্টি হলেই এলাকাগুলো পানিতে ভরে যায়, আর রাস্তাঘাটও ভাঙা আছে। কিন্তু এর সমাধান বড় একটা পরিকল্পনা নিয়ে করতে হবে।’
প্রাথমিকভাবে অন্য ওয়ার্ডগুলো পরিদর্শন শেষে সামগ্রিকভাবে এলাকাগুলোর জলাবদ্ধতা, বিদ্যুৎ, ট্রাফিক সিস্টেমসহ বিভিন্ন সমস্যা আলাদাভাবে চিহ্নিত করা হবে। এরপর যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে নিয়ে মেয়র বৈঠকে বসবেন বলে জানান। সেখান থেকেই একটি সুষ্ঠু ও টেকসই সমাধান বেরিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় মেয়রের সঙ্গে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব, প্রধান প্রকৌশলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও প্রধান বর্জ্য ব্যবস্থাপকসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ঢাকা-১৬ আসনের সাংসদ মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ এবং কাউন্সিলররা উপস্থিত ছিলেন।