ওলামা লীগ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নয়: হাছান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ওলামা লীগ আওয়ামী লীগের কোনো অঙ্গ-সহযোগী কিংবা ভ্রাতৃপ্রতিম সংগঠন নয়। কিছু কিছু নেতা ওলামা লীগের নাম ভাঙায়। আসলে তারা আওয়ামী লীগের নেতা-কর্মী কিংবা আওয়ামী ঘরানার কোনো সংগঠন নয়।
গতকাল বুধবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলটির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ এসব কথা বলেন। মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৭ দশমিক শূন্য ৫ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিক্রিয়ার জবাব দিতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়।
জাতীয় প্রেসক্লাবের সামনে ৯ এপ্রিল এক মানববন্ধন কর্মসূচিতে আওয়ামী ওলামা লীগ বাংলাদেশের সর্বজনীন উৎসব পয়লা বৈশাখকে ‘অনৈসলামিক ও হারাম’ বলে উল্লেখ করে। এরপর বিভিন্ন মহল বক্তৃতা-বিবৃতি দিয়ে এর প্রতিবাদ জানায়। আওয়ামী লীগের পক্ষ থেকে ওলামা লীগ নিয়ে সরাসরি কোনো কথা বলা হয়নি। এবারই প্রথম হাছান মাহমুদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে ‘ওলামা লীগ’ তাঁদের সমর্থিত সংগঠন নয় বলে মন্তব্য করলেন।
সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ বিএনপির উদ্দেশে বলেন, ‘সারা পৃথিবী যখন প্রশংসা করে, তখন রাজনৈতিক ও চেতনার দৈন্য এত নিচে যে, তাঁরা বাংলাদেশের অগ্রগতিকে প্রশংসা করতে পারেন না। আমরা আশা করব, আওয়ামী লীগের সমালোচনা করুন। কিন্তু দেশ যে এগিয়ে যাচ্ছে, সেটি মেনে নিন।’
তাঁদের সরকারের শেষ সময়ে, অর্থাৎ ২০০৫-০৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৬ শতাংশ—মির্জা ফখরুলের এমন তথ্যকে ‘ডাহা মিথ্যা’ বলেও উল্লেখ করেন হাছান মাহমুদ।