ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা শাখার কর্মিসভা
’৭৫-এর ১৫ আগস্টের পর বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার তৎপরতা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাংসদ ফজলে হোসেন বাদশা। তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট স্বাধীনতার সব অর্জন ধ্বংসে আবারও উঠেপড়ে লেগেছে।
গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ওয়ার্কার্স পার্টির জেলা কর্মিসভায় এই মন্তব্য করেন সাংসদ ফজলে হোসেন বাদশা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব বাদশা বলেন, ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার তৎপরতা বহুগুণে বাড়িয়ে দেয়।
মুক্তিযুদ্ধের সব গৌরবময় ইতিহাসকে কলঙ্কিত করাই বিএনপি-জামায়াত জোটের উদ্দেশ্য মন্তব্য করে তিনি বলেন, বিএনপি আর জামায়াতের রাজনীতি মূলগতভাবে এক বলেই বিএনপি কখনো জামায়াতকে পরিত্যাগ করবে না।
ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলার সভাপতি আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক এমরান, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক সামশুদ্দিন খালেদ সেলিম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম জেলা কমিটির সদস্য ইন্দ্র কুমার নাথ ও শরীফ চৌহান, জাতীয় শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক দিদারুল আলম, চট্টগ্রাম জেলা যুবমৈত্রীর সাধারণ সম্পাদক কায়সার আলম, ছাত্রমৈত্রীর সভাপতি ফারুক আহমদ রুবেল।