ওয়ার্কার্স পার্টির মহাসমাবেশ ৩ মার্চ

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আগামী ৩ মার্চ শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে। ওই দিন বেলা দুইটা থেকে এই সমাবেশ শুরু হবে।
আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে দল ঘোষিত ২১ দফা কর্মসূচিকে এগিয়ে নিতে দলের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দলের সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। এ সময় কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য বিমল বিশ্বাস, আনিসুর রহমান মল্লিক, নুরুল হাসান, মাহমুদুল হাসান, সুশান্ত দাস, নুর আহমদ, হাজেরা সুলতানা, কামরুল আহসান প্রমুখ।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ২১ দফা কর্মসূচিতে বিকল্পের আশু পদক্ষেপগুলো তুলে ধরেছে। দলটি মনে করে, আন্দোলন ও নির্বাচনের মাধ্যমে সামাজিক ন্যায্যতা ও সমতা প্রতিষ্ঠাসহ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক আধুনিক বাংলাদেশে গড়ে তুলে সমাজতন্ত্রের পথে এগিয়ে যাবে।
সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশে নানা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বাংলাদেশের এই উন্নয়নের পাশাপাশি গরিব-বড়লোকের মধ্যে ধনবৈষম্য বেড়েছে বহুগুণ। বেড়েছে গ্রাম-শহরের বৈষম্যও। বাংলাদেশে জমিদারি প্রথা বিলুপ্ত হলেও ভূমি সংস্কার হয়নি। গার্মেন্টস শিল্প প্রধান শিল্পে পরিণত হলেও গার্মেন্টস শ্রমিকদের মজুরিতে আধা মাস চলে না। নিরাপদ কর্মস্থল, আবাসনব্যবস্থা, যাতায়াতব্যবস্থাসহ নানা ক্ষেত্রেই রয়েছে বিপুল ঘাটতি। দেশের অর্থনীতির ক্ষেত্রে ব্যক্তিমালিকানায় বিশালসংখ্যক ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু অব্যবস্থাপনা, দুর্নীতি, জালিয়াতি প্রভৃতি দুর্বৃত্তপনা এই ক্ষেত্রে লুটেরার রাজত্বে পরিণত করেছে। ঋণখেলাপির সংখ্যা বেড়ে যাচ্ছে। বিদেশে টাকা পাচার অব্যাহত গতিতে চলছে।
শিল্প–বাণিজ্য, প্রশ্নপত্র ফাঁস, বৃহৎ বইয়ের বোঝা, পাঠ্যপুস্তকের সাম্প্রদায়িকীকরণ নৈরাজ্য সৃষ্টি করেছে। বিপুলসংখ্যক শিক্ষিত যুবক বেকার। সন্ত্রাস, মাদকাসক্তি, জঙ্গিবাদী ধ্যানধারণার বিস্তার ঘটছে যুবকদের মধ্যে ব্যাপক হারে। নারীর ক্ষমতায়নের অগ্রগতিও বাধাগ্রস্ত হচ্ছে নারী নির্যাতন, নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, খুন, বাল্যবিবাহের ব্যাপক যে বিস্তৃতি রয়েছে সে কারণে। দেশে অসাম্প্রদায়িক ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকলেও ধর্মের রাজনৈতিক ব্যবহার, সম্পত্তি দখলের অসৎ উদ্দেশ্যে এবং অন্যান্য কারণে ঘটছে সাম্প্রদায়িক সহিংসতা। সমাজমানসেও সাম্প্রদায়িকতার বিস্তার ঘটছে। অর্থনীতি, রাজনীতি প্রশাসনে দুর্নীতির ব্যাপক বিস্তার ঘটেছে।
গুম, হত্যা, ধর্ষণ, রাহাজানি, চাঁদাবাজি, দখলদারি মানুষের নিরাপত্তা করছে বিঘ্নিত। অপসংস্কৃতির ব্যাপক প্রসার সমাজমানসকে করছে বিকৃত। গণতন্ত্র ও গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত থাকলেও নির্বাচন ও নির্বাচনী ব্যবস্থা নিয়ে সংকট দূর হয়নি। বিএনপি জোট ২০১৪–এর মতো আবার নির্বাচনে অংশগ্রহণ না করা, নির্বাচন প্রতিরোধ করার কথা বলছে। একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য তৎপর রয়েছে। সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত ও নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি জরুরি কর্তব্য বহু কষ্টের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারাকে অক্ষুণ্ন রাখা।