ওয়ার্ড কমিটি গঠনে স্বেচ্ছাচারিতার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়ন যুবলীগের ওয়ার্ড কমিটি গঠনে ইউনিয়ন কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে গত বুধবার রাতে ইউনিয়ন যুবলীগ শমশেরনগর বাজারে বিক্ষোভ মিছিল করেছে।

 এদিকে কমিটি গঠনে স্বেচ্ছাচারিতার অভিযোগ তদন্তে গতকাল বৃহস্পতিবার দুপুরে কমলগঞ্জ উপজেলা যুবলীগ জরুরি সভা করে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে।

কমিটি গঠনে স্বেচ্ছাচারিতার প্রতিবাদে বুধবার রাত আটটায় বিক্ষোভ মিছিল ও সভা করে শমশেরনগর ইউনিয়ন যুবলীগ। সভায় ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ অভিযোগ করেন, ‘১৭ সেপ্টেম্বর ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করা হবে। তার আগে নয়টি ওয়ার্ড কমিটি গঠন করতে হবে। এ লক্ষ্যে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে সাংগঠনিকভাবে সক্রিয় দেখে ওয়ার্ড কমিটির সভাপতি ও সম্পাদক নির্বাচিত করার কথা। কিন্তু ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তারিকুজ্জামান ও যুগ্ম আহ্বায়ক গোপাল বর্মা স্বেচ্ছাচারিতা করে ঘরে বসেই ওয়ার্ড কমিটি গঠন করেন।’

অভিযোগের বিষয়ে শমশেরনগর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তারিকুজ্জামান দাবি করেন, ‘সাংগঠনিকভাবে ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়। এখানে স্বেচ্ছাচারিতা করা হয়নি। প্রতিটি ওয়ার্ডে গিয়ে কমিটি গঠন করা হয়। ফারুক আহমদ ভেবে দেখেছেন সাংগঠনিকভাবে কাউন্সিল হলে তিনি সভাপতি নির্বাচিত হতে পারবেন না। তাই একটি মহলের ইশারায় বুধবার রাতে কিছুসংখ্যক তরুণকে নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন।’

উপজেলা যুবলীগের আহ্বায়ক কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ বলেন, কমিটি গঠনে স্বেচ্ছাচারিতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার ঘটনা নিয়ে গতকাল উপজেলা যুবলীগ জরুরি সভা করে। সভার সিদ্ধান্ত অনুযায়ী পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী সাত দিনের মধ্যে তদন্ত কমিটি উপজেলা আহ্বায়ক কমিটির কাছে প্রতিবেদন দেবে। প্রতিবেদন পাওয়ার পর তা পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।