চট্টগ্রাম নগরের ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) আগ্রাবাদ কার্যালয়ের তৃতীয় শ্রেণির এক কর্মচারী। তাঁর নাম মোস্তফা কামাল। তিনি ওই কার্যালয়ের প্রধান সহকারী। এ ছাড়া ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডে বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য করা হয়েছে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের তিন কর্মী-সমর্থককে। এ নিয়ে দুটি ওয়ার্ডে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নগরের ৩৯টি ওয়ার্ডে কমিটি গঠনের জন্য প্রতি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন করেছে চট্টগ্রাম নগর বিএনপি। এর মধ্যে ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সরকারি কর্মচারী মোস্তফা কামালকে। একজন সরকারি কর্মচারীকে কীভাবে এ দায়িত্ব দেওয়া হয়েছে, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ওয়ার্ডের নেতা-কর্মীরা। এই ওয়ার্ড নগরের খুলশী থানার অধীনে।
খুলশী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘পাহাড়তলী ওয়ার্ডে বিএনপির সক্রিয় নেতা-কর্মীর অভাব নেই। কিন্তু টেলিফোন অফিসের একজন সরকারি কর্মচারীকে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক করে দল অন্যায় করেছে। কারও রাজনীতি করার ইচ্ছা থাকলে সরকারি চাকরি ছেড়ে দিয়ে আমাদের কাতারে আসুক।’
এ বিষয়ে খুলশী থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তানভীর আহমেদ প্রথম আলোকে বলেন, ‘রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন এমন ব্যক্তিদের আহ্বায়ক করা হলে কেউ প্রশ্ন তুলত না। কিন্তু সরকারি কর্মচারী আহ্বায়ক পদটি পাওয়ায় দলের নেতা-কর্মীরা ক্ষুব্ধ।’
সরকারি কর্মচারী রাজনৈতিক দলের দায়িত্ব পালন করতে পারেন কি না, জানতে চাইলে বিটিসিএলের আগ্রাবাদ কার্যালয়ের মহাব্যবস্থাপক তমাল নন্দী সরাসরি কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, ‘আমাদের প্রতিষ্ঠান শতভাগ সরকারি মালিকানাধীন। এর বাইরে আমার কোনো বক্তব্য নেই।’
এ বিষয়ে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সরকারি কর্মচারী হয়ে কেউ রাজনৈতিক দলের নেতা হতে পারেন না। এ ধরনের কর্মকাণ্ড আচরণবিধির পরিপন্থী এবং বিভাগীয় শাস্তিযোগ্য অপরাধ।
অবশ্য এই নিয়োগের বিষয়ে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন বলেন, ‘মোস্তফা কামাল নিরপেক্ষ ব্যক্তি হিসেবে এ দায়িত্ব পালন করতে পারবেন। এ জন্য তাঁকে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয়েছে। সম্মেলনের পর তিনি সরে দাঁড়াবেন।’
জানতে চাইলে মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ‘আমি টেলিফোন অফিসের তৃতীয় শ্রেণির কর্মচারী। রাজনৈতিক দলের নেতা নই। আমাকে কেবল পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সম্মেলন ও নির্বাচন করার দায়িত্ব দেওয়া হয়েছে। নিরপেক্ষ ব্যক্তি হিসেবে আমি দায়িত্ব পালনে সম্মতি দিয়েছি। নির্বাচন শেষ করে আমি দায়িত্ব ছেড়ে দেব।’
এদিকে ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির তিন কর্মী-সমর্থক জায়গা পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়েও দলের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে।
দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাতীয় পার্টির সমর্থক সার্জেন্ট (অব.) আবু তাহের এবং আওয়ামী লীগের দুই সমর্থককে জালালাবাদ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য করা হয়েছে।
জানতে চাইলে সার্জেন্ট (অব.) আবু তাহের প্রথম আলোকে বলেন, ‘আমি জাতীয় পার্টি করি। বিএনপির কমিটিতে আমার নাম থাকবে কেন? কেউ আমাকে বিএনপির সদস্য করলে সেটা ভুল সিদ্ধান্ত।’
জানতে চাইলে বায়েজিদ থানা বিএনপির আহ্বায়ক এস এম জি আকবর প্রথম আলোকে বলেন, ‘আবু তাহের জাতীয় পার্টির লোক। তাঁকে বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য করা হয়েছে। আওয়ামী লীগের দুজন কমিটির সদস্য হয়েছেন। বিষয়টি আমার নজরে এসেছে। তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নগর বিএনপির সভাপতিকে অনুরোধ করব।’
এ বিষয়ে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কেউ বিএনপির সদস্য হলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।