ওয়ার্ড পর্যন্ত ত্রাণ কমিটি গঠন করবে আ. লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে ত্রাণ বিতরণের জন্য ওয়ার্ড পর্যায় পর্যন্ত ত্রাণ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার এ নির্দেশনা দেওয়ার পর থেকেই সারা দেশে জেলা ও উপজেলা আওয়ামী লীগের কাছে এ নির্দেশনা পৌঁছে দেন দলটির নেতারা। দল-মত নির্বিশেষে প্রকৃত দরিদ্রদের তালিকা তৈরি করবে এ ত্রাণ কমিটি।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। দলীয় নির্দেশনায় বলা হয়, বর্তমানে ৫০ লাখ হতদরিদ্র, দুস্থ, অসহায় ও কর্মহীন খেটে খাওয়া মানুষকে সরকারিভাবে রেশন কার্ডের আওতাভুক্ত করা হয়েছে। করোনা ভাইরাসে সৃষ্ট সংকট মোকাবিলায় আরও ৫০ লাখ মানুষকে রেশন কার্ড দেওয়া হবে। সমাজের হতদরিদ্র, দুস্থ, অসহায় ও কর্মহীন খেটে খাওয়া মানুষকে তালিকাভুক্ত করতে স্থানীয় প্রশাসনকে সহায়তা করবে দল।

বুধবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত নেতাদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করেন। এ সময় তিনি সারা দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সমন্বয়ে ত্রাণ কমিটি গঠনের নির্দেশনা দেন।

ওয়ার্ড পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের ত্রাণ কমিটি তৈরি করে সংশ্লিষ্ট সাংগঠনিক জেলা শাখায় জমা দিতে হবে। এই ত্রাণ কমিটি ওয়ার্ড পর্যায়ে দল-মত নির্বিশেষে প্রকৃত দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের তালিকা প্রস্তুত করবে এবং ওই তালিকা স্থানীয় প্রশাসনকে প্রদান করে সঠিক তালিকা প্রণয়নে সহায়তা করবে। এ ছাড়া স্বাস্থ্য বিধি মেনে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিতে সহযোগিতা করবে। সরকারের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগের নিজস্ব অর্থায়নেও ত্রাণ কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখবে।