ওয়ার্ড সম্মেলন দিয়ে ঘর গোছাচ্ছে চট্টগ্রাম নগর বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যায়ে দল গোছানোর কাজ শুরু করেছে চট্টগ্রাম নগর বিএনপি। এ প্রক্রিয়ার অংশ হিসেবে চট্টগ্রাম নগরের ৪১টি ওয়ার্ডের মধ্যে ৩৯টিতে গত অক্টোবর মাস থেকে সদস্য সংগ্রহের কাজ শুরু করে। এর আগে গত ২৬ সেপ্টেম্বর নগরের ৩৯টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করে সেখানে আহ্বায়ক কমিটি করা হয়।
সর্বশেষ গতকাল শনিবার থেকে ওয়ার্ড পর্যায়ের সম্মেলন শুরু করেছে বিএনপি। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে ৩৯টি ওয়ার্ডের সম্মেলন শেষ করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন নগর বিএনপির নেতারা। এরপর পর্যায়ক্রমে থানা ও নগর কমিটি পূর্ণাঙ্গ করার মাধ্যমে তৃণমূলে দলের একটি শক্তিশালী ভিত্তি তৈরি করা হবে বলে জানান চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন।
নগর বিএনপির সভাপতি বলেন, জাতীয় নির্বাচনে বিএনপি যাবে। এ জন্য নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে দলের পক্ষ থেকে ১৩ দফা প্রস্তাব দেওয়া হয়েছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য এসব প্রস্তাব বাস্তবায়নে আন্দোলন চলবে। একই সঙ্গে ঘর গোছানোর কাজও শুরু হয়েছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে নগরের ওয়ার্ডগুলোতে সম্মেলন শুরু করা হয়েছে।
এদিকে দল গোছানোর প্রক্রিয়া হিসেবে নগরের ৩৯টি ওয়ার্ডে গড়ে ১ হাজার করে মোট ৩৯ হাজার সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন দলের নেতারা। কিন্তু লক্ষ্যমাত্রার অর্ধেক পূরণ করা গেছে। এ বিষয়ে মাঠপর্যায়ের নেতারা বলছেন, সরকারের হামলা-মামলা উপেক্ষা করে প্রায় ১৯ হাজার সদস্য সংগ্রহ করা হয়েছে। পরিস্থিতি ‘ইতিবাচক’ থাকলে লক্ষ্যমাত্রা পূরণ করা যেত। দলের তৃণমূল পর্যায়ে সম্মেলন শুরু হয়েছে। ওয়ার্ড থেকে নগর পর্যন্ত তিনটি স্তরে কমিটি গঠন করা হলে চট্টগ্রামে বিএনপি আরও শক্তিশালী হয়ে উঠবে। সরকারবিরোধী আন্দোলনও জোরদার করা যাবে।
ওয়ার্ড সম্মেলন দলের জন্য ইতিবাচক বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সবুর। তিনি বলেন, ১৫ জানুয়ারির মধ্যে ৩৯টি ওয়ার্ডের সম্মেলন শেষ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সম্মেলন শুরু হয়েছে ১৪ জানুয়ারি। তবে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নেবে। তৃণমূল পর্যায়ে কমিটি গঠন করা হলে বিএনপি নির্বাচন করার মতো শক্তি সঞ্চয় করতে পারবে।
চট্টগ্রাম নগর বিএনপির তিন সদস্যের কমিটি গঠনের পর থেকেই অনেকটা নিষ্ক্রিয় রয়েছেন সহসভাপতি আবু সুফিয়ান। দল গোছানোর বিষয়ে তিনি বলেন, ‘প্রেসরিলিজভিত্তিক কমিটি দেখতে আমরা অভ্যস্ত ছিলাম। সেই ধারা থেকে বিএনপি বেরিয়ে এসেছে, যা ইতিবাচক। তৃণমূলে বিএনপি সংগঠিত হলে আন্দোলন-সংগ্রাম জোরদার হবে।’
বিএনপি-সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল কালাম আযাদ চট্টগ্রামে তৃণমূল পর্যায়ের বিএনপির কমিটি গঠন শুরু করাকে ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘দল গোছানের পর একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে তৃণমূলের নেতা-কর্মীরা ভূমিকা রাখবেন। এরপর দেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে বলে আমরা আশাবাদী।’