ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নিয়ে বিএনপি নেতাদের বিবৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের জমি বরাদ্দ ও নির্মাণকাজ বিএনপি ক্ষমতায় থাকার সময় শুরু হয় বলে দলের চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা কমিটি দাবি করেছে। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রচেষ্টায় চট্টগ্রামে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নির্মাণকাজ শুরু হয়।
বিবৃতিতে বলা হয়, ১৯৯৪ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আগ্রাবাদে গণপূর্ত বিভাগের মাঠটি এক টাকা প্রতীকী মূল্যে চট্টগ্রাম চেম্বারের আবেদনের পরিপ্রেক্ষিতে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের জন্য বরাদ্দ দেন। এরপর তিনি সেন্টারের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন। কিন্তু বরাদ্দ নেওয়ার পর দেখা যায়, গণপূর্ত বিভাগের মাঠটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের জন্য যথেষ্ট নয়।
বিবৃতিতে বিএনপি নেতারা বলেন, ২০০২ সালে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালকমণ্ডলীর একটি প্রতিনিধিদল তৎকালীন বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সহযোগিতায় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে। এরপর চট্টগ্রাম চেম্বারকে রেলওয়ের জায়গাটি বরাদ্দের ব্যবস্থা করা হয়। এই বরাদ্দের পর চট্টগ্রাম চেম্বার সিডিএ থেকে ছাড়পত্র নেয়। ছাড়পত্র পাওয়ার পর সদস্যপদ পেতে নিউইয়র্কে অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আবেদন করে চট্টগ্রাম চেম্বার। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কর্তৃপক্ষ নিয়মানুযায়ী এক কোটি টাকা জমা দিতে বললে চট্টগ্রাম চেম্বার কিস্তিতে জমা নেওয়ার আবেদন করে। এই আবেদনে সাড়া দিয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চার কিস্তির মাধ্যমে টাকা জমা নিতে রাজি হয়। প্রথম কিস্তির টাকা জমা দেওয়ার পর সদস্যপদ পায় চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এরপর ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
বিবৃতিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী, চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি সামশুল আলম, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সহসভাপতি আবু সুফিয়ান, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী শাহজাহান ও উত্তর জেলা বিএনপির সদস্যসচিব কাজী আবদুল্লাহ আল হাসান স্বাক্ষর করেন।