কক্সবাজার জেলা আ.লীগের সভাপতিকে বর্জনের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি সংগঠনের নেতাদের পুনর্বাসন, জামায়াতে ইসলামীর সঙ্গে গোপন আঁতাত এবং জঙ্গিসম্পৃক্ততায় জড়িত থাকার দায়ে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে আহমদ হোসেনকে বর্জনের ঘোষণা দিয়েছেন কক্সবাজারের গণমাধ্যমকর্মীরা।
গতকাল সোমবার দুপুরে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের বিশেষ জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সমকাল-এর নিজস্ব প্রতিবেদক ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কালের কণ্ঠ-এর নিজস্ব প্রতিবেদক তোফায়েল আহমদ, বাঁকখালীর নির্বাহী সম্পাদক ফজলুল কাদের চৌধুরী, ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের জাহেদ সরওয়ার সোহেল, যুগান্তর-এর আবদুল মাবুদ, দেশ টিভির নজিবুল ইসলাম, বাংলাভিশনের এম আর খোকন, জনকণ্ঠ-এর এইচ এম এরশাদসহ দীপক শর্মা, ফরিদুল আলম, মোহাম্মদ জুনাইদ প্রমুখ।
আবু তাহের চৌধুরী বলেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে আহমদ হোসেনের বিরুদ্ধে জঙ্গিসম্পৃক্ততা, জঙ্গিদের লালন-পালন এবং জামায়াতের সঙ্গে গোপন আঁতাতের পাশাপাশি নিজের সম্পাদনায় প্রকাশিত একটি দৈনিকে গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন লোকজনের বিরুদ্ধে কুৎসা ও মানহানিকর সংবাদ প্রকাশ করে আসছেন। এ ছাড়া ওই পত্রিকায় জঙ্গি সম্পৃক্ত, জামায়াত-শিবির কর্মী ও মাদকাসক্তদের নিয়োগ দিয়ে সংবাদপত্র ও সাংবাদিকের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার বলেন, আজ (গতকাল সোমবার) থেকে এ কে আহমদ হোসেনের সংবাদ বর্জন করা হবে। তিনি (এ কে আহমদ হোসেন) যে সভায় উপস্থিত থাকবেন গণমাধ্যমকর্মীরা সেই সভা বর্জন করবেন।
এই প্রসঙ্গে জানার জন্য একাধিকবার চেষ্টা করেও এ কে আহমদ হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনটি বন্ধ রয়েছে। এর আগে তিনি এই অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেছিলেন, জঙ্গি বা ধর্মীয় কোনো নেতা ধরা পড়লে তিনি আইনজীবী হিসেবে জামিনের জন্য আদালতে লড়েছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে না।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত সভাপতির (এ কে আহমদ হোসেন) বিরুদ্ধে জঙ্গিসম্পৃক্ততাসহ নানা অপকর্মে জড়িত থাকার কথা দলের সবাই জানেন। সাংবাদিক ইউনিয়ন তাঁকে বর্জনের ঘোষণা দিয়েছেন তাও জেনেছি। কিন্তু এতে আমাদের করার কিছু নেই। ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ পদে থাকা একজন নেতাকে গণমাধ্যম কর্তৃক বর্জনের ঘোষণাটি দলের উচ্চমহলে আলোচিত হচ্ছে।’