কক্সবাজারে আজ বিএনপির হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে এবং ১৮টি কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবিতে বিএনপি আজ মঙ্গলবার সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত জেলায় হরতাল ডেকেছে।
গত রোববার সন্ধ্যায় শহরের জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাবেক সাংসদ লুৎফর রহমান, বিএনপি-সমর্থিত পরাজিত প্রার্থী মেরাজ আহমেদ মাহিন চৌধুরী প্রমুখ।
সংবাদ সম্মেলনে শাহজাহান চৌধুরী বলেন, রামু হচ্ছে বিএনপির দুর্গ। চার মাস আগে এই উপজেলা নির্বাচনে প্রায় ৩৪ হাজার ভোট পেয়ে বিএনপি-সমর্থিত প্রার্থী আহমেদুল হক চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ওই নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী তৃতীয় স্থানে ছিলেন। অথচ রোববারের উপনির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সমর্থকেরা ভোট জালিয়াতি করেন।