কক্সবাজারে গুলিতে আহত শ্রমিক লীগ নেতা মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

কক্সবাজারে গুলিতে আহত জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার মারা গেছেন। আজ রোববার বেলা দুইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

গত শুক্রবার রাতে কক্সবাজার শহরতলীর লিংক রোড এলাকায় জহিরুল ইসলাম ও তাঁর ভাই কুদরত উল্লাহ সিকদারকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আহত অবস্থায় দুজনকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

জহিরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও অবেদন বিভাগের সহযোগী অধ্যাপক প্রণয় দত্ত। তিনি বলেন, গতকাল শনিবার দুই ভাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁদের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছিল। বেলা দুইটার দিকে জহিরুল ইসলাম মারা যান। তাঁর ভাই এখনো চিকিৎসাধীন আছেন।

কুদরত উল্লাহ কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আগামী ১১ নভেম্বর ঝিলংজা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে কুদরত উল্লাহ ওই ওয়ার্ডে সদস্য পদে লড়ছেন।

কুদরত উল্লাহর পরিবারের দাবি, নির্বাচনসংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন দুই ভাইয়ের ওপর গুলি চালিয়েছে। লিংকরোডে কুদরত উল্লাহর ব্যক্তিগত কার্যালয়ে বসে দুই ভাই ও নেতা-কর্মীরা নির্বাচন নিয়ে আলোচনা করছিলেন। এ সময় মোটরসাইকেল আরোহী কয়েকজন ব্যক্তি কার্যালয়ে ঢুকে গুলি করে পালিয়ে যান।

আরও পড়ুন