কক্সবাজারে ছাত্রলীগের দুই দিনের কর্মশালা শুরু হচ্ছে আজ
কক্সবাজারে শুরু হচ্ছে দুই দিনের ‘জ্ঞানভিত্তিক ছাত্র রাজনীতি: বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা’ শীর্ষক ছাত্রলীগের রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা। আজ রোববার সকাল ১০টায় সৈকতপাড়ের একটি হোটেলে এ কর্মশালার উদ্বোধন করবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল।
কক্সবাজার জেলার ৮টি উপজেলার ৭১টি ইউনিয়ন, ২৮টি কলেজ, ১১৩টি স্কুল ও ৯৭টি মাদ্রাসার ছাত্রলীগের ৩৪৩টি ইউনিটের প্রায় ১ হাজার নেতা-কর্মী এই কর্মশালায় অংশ নেবেন।
এ উপলক্ষে গতকাল শনিবার দুপুরে কক্সবাজার শহরের একটি হোটেলে সংবাদ সন্মেলন করে জেলা ছাত্রলীগ। এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোছাইন, কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি প্রশান্ত ভূষণ বড়ুয়া, জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ, সাধারণ সম্পাদক ইমরুল হাসান উপস্থিত ছিলেন।
প্রশান্ত ভূষণ বড়ুয়া বলেন, ২০০৩ সালের ২০ এপ্রিল টুঙ্গিপাড়ায় শুরু হয়েছিল ছাত্রলীগের নেতা-কর্মীদের বিশেষ এই কর্মশালা। এর উদ্দেশ্য ছিল জ্ঞানভিত্তিক ছাত্র রাজনীতি চর্চার মাধ্যমে সুশিক্ষিত ছাত্রসমাজ গঠন করা। কিন্তু দেশের নানা পরিস্থিতির কারণে এই কর্মশালার ধারাবাহিকতা রক্ষা হয়নি।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোছাইন বলেন, এ ধরনের কর্মশালা পর্যায়ক্রমে জেলা ও বিভাগীয় শহরে করা হবে। দেশের তরুণ-যুবসমাজকে শক্তিতে রূপান্তর করা এবং জঙ্গিবাদ-সন্ত্রাসবাদকে চিরতরে নির্মূল করতে সংগঠনের নেতা-কর্মীরা কাজ করে যাবেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ। তিনি বলেন, ছাত্রসমাজকে মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
কর্মশালায় বিতর্ক প্রতিযোগিতা, বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল পর্যায়ে পৃথক রাজনৈতিক কুইজ, চলচ্চিত্র প্রদর্শনী, ছাত্রলীগের ঘোষণা ও গঠনতান্ত্রিক পর্যালোচনা, মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রমাণ্যচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন আয়োজন থাকছে।